চার ঘণ্টা বন্ধ থাকার পরে ট্রেন চলাচল শুরু

চার ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ডাউন লাইনে (চট্টগ্রামমুখী) সারা দেশের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কুমিরা স্টেশনে আটকা পড়ে চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস। পরে দুপুর সোয়া দুইটার দিকে মেঘনা এক্সপ্রেস দুর্ঘটনাস্থল অতিক্রম করে।
ফৌজদারহাট রেলস্টেশন মাস্টার শাহ আলম চৌধুরী ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী ট্রেনটি সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে চট্টগ্রাম বন্দরের লাইনে ওঠার সময় ২৮, ২৯ ও ৩০ নম্বর বগি লাইনচ্যুত হয়। সোয়া এক ঘণ্টা পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কাজ শুরু হয়।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মুরাদ হোসেন প্রথম আলোকে বলেন, ডাউন লাইনে (চট্টগ্রামমুখী) ট্রেন চলাচল শুরু হয়েছে। আপলাইন (ঢাকামুখী) সচল করার চেষ্টা চলছে। দুর্ঘটনা তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত ৯ জুলাই ফৌজদারহাট এলাকায় ফার্নেস অয়েলবাহী একটি ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ নিয়ে ওই জায়গায় গত পাঁচ মাসে দুবার ট্রেনের বগি লাইনচ্যুত হলো।