দাপ্তরিক সব আনুষ্ঠানিতা শেষ। নথি অনুমোদনের পর ১৯ জন দৈনিকভিত্তিক কর্মচারীর চাকরি স্থায়ীকরণের বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো বাকি। কিন্তু মাত্র চার ঘণ্টার ব্যবধানে থমকে গেল পুরো প্রক্রিয়াটি। বোর্ড কর্তৃপক্ষ নিয়মবহির্ভূতভাবে অনুমোদিত নথির সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও এ বিষয়ে মতামতের জন্য কমিটি গঠনের নির্দেশনা দেয়। ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বোর্ডে এ ধরনের নাটকীয় ঘটনাটি ঘটে। এতে বোর্ডের ওই সব কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মন্তব্য করেন, ‘এ ধরনের সিদ্ধান্ত প্রশাসনিক নীতিমালা পরিপন্থী। এর কোনো নজির জানা নেই আমাদের।’অভিযোগ রয়েছে, বোর্ডের বিএনপি ও জামায়াত-সমর্থিত একশ্রেণীর প্রভাবশালী কর্মচারীর চাপের কারণে কর্তৃপক্ষ সিদ্ধান্ত পাল্টে ফেলতে বাধ্য হয়। কারণ তাদের ঘরানার বাইরের এসব কর্মচারী বোর্ডে নিয়োগ পেলে তাদের একচ্ছত্র আধিপত্য খর্ব হবে বলে মনে করে তারা। নাম প্রকাশ না করার শর্তে দৈনিকভিত্তিতে নিয়োগ পাওয়া তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী বলেন, ‘আমাদের অপরাধ আমরা আওয়ামী লীগ সমর্থন করি। তাই আমাদের নিয়োগ-প্রক্রিয়া আটকে দেওয়া হয়েছে। কারণ বোর্ডে এখন বিএনপি-জামায়াতের একটি চক্র আধিপত্য বিস্তার করছে। তাদের কথায় সব হয়।’বোর্ড সূত্রে জানা যায়, ২০১১ সালের ২০ নভেম্বর বোর্ড কমিটির ৫৩তম সভায় ২১ জন দৈনিকভিত্তিক কর্মচারীর (১০ জন তৃতীয় শ্রেণী এবং ১১ জন চতুর্থ শ্রেণী) চাকরি স্থায়ী করার বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়। উপপরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দিন আহমদকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি এ ব্যাপারে ইতিবাচক প্রতিবেদন জমা দেয়। গত বছরের ৩০ জুলাই বোর্ড কমিটির ৫৫তম এসব কর্মচারীর চাকরি স্থায়ী করার সিদ্ধান্ত হয়। কিন্তু এবারও তা বাস্তবায়নের উদ্যোগ ঝিমিয়ে পড়ে। এ অবস্থায় ৩ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে দৈনিকভিত্তিক কর্মচারীদের নিয়মিত করার ব্যাপারে বোর্ডের সুস্পষ্ট মতামত চেয়ে চেয়ারম্যান বরাবরে ফ্যাক্স বার্তা পাঠানো হয়। এ ব্যাপারে চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী ৪ ফেব্রুয়ারি নথি উপস্থাপন করা হয়। কিন্তু তাও প্রায় নয় দিন আটকে থাকে। অবশেষে গত ১৩ ফেব্রুয়ারি সকাল প্রায় ১১টায় বোর্ডের সচিব এবং চেয়ারম্যান নথি অনুমোদন করেন। পরে তা নথিভুক্ত করতে সেকশন অফিসার বরাবরে পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য চিঠিও তৈরি করা হয়। কিন্তু সবকিছুর পর ওই দিন বিকেল তিনটায় বোর্ডের চেয়ারম্যান ওই নথিতেই আবার নিয়মবহির্ভূতভাবে অনুমোদন পরিবর্তনের নির্দেশনা দেন। তিনি এ বিষয়ে মতামত দেওয়ার জন্য আবারও তিন সদস্যের কমিটি গঠন করেন। নথির অনুমোদন পত্রে বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে তৃতীয় শ্রেণীর নয়জন এবং চতুর্থ শ্রেণীর ১০ জন দৈনিকভিত্তিক কর্মচারীকে চাকরিতে নিয়মিতকরণে কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী এবং সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার আলাদাভাবে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।