চার চক্রের সদস্য শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাই এলাকায় গাড়ি ডাকাতির সঙ্গে সংঘবদ্ধ কয়েকটি চক্রের দুর্বৃত্ত জড়িত। এ রকম চারটি চক্রের সদস্যদের পরিচয় পেয়েছে পুলিশ। পুলিশ এ কথা জানিয়েছে।
এদিকে ঠাকুরগাঁওয়ের এক সাংসদের স্ত্রীর গাড়িতে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সম্প্রতি একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। এই চক্রের আরও পাঁচ-ছয়জন সদস্য রয়েছে বলে পুলিশের ধারণা।
পুলিশ সূত্র জানায়, গত এক বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড, মিরসরাই ও জোরারগঞ্জ অংশে অন্তত ১৫টি ডাকাতির ঘটনা নথিভুক্ত হয়েছে। চারটি ঘটনা উদ্ঘাটন, কিছু মালামাল উদ্ধারসহ কয়েকজন আসামি ধরা পড়েছে। তাঁদের মধ্যে ছয়জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, সাংসদের স্ত্রীর গাড়ি ডাকাতির ঘটনায় একজন, ব্যবসায়ীর গাড়ি ডাকাতির ঘটনায় ছয়জন, প্রাইভেট কার ডাকাতির দুটি পৃথক ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, অনেক ডাকাতির ঘটনার কোনো অভিযোগ নেই সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে। এ কারণে সংঘবদ্ধ ডাকাত দলের আরও কয়েকটি চক্র ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘মহাসড়কে প্রতিটি ডাকাতির ঘটনা মামলা হিসেবে নথিভুক্ত করতে আমরা সীতাকুণ্ড, মিরসরাই ও জোরারগঞ্জ থানার পুলিশকে নির্দেশ দিয়েছি। মামলা হলে তদন্তে অপরাধীদের নামধাম বেরিয়ে আসবে। গ্রেপ্তারও হবে আসামিরা। এরপর অপরাধের প্রবণতা কমে আসবে বলে আমরা আশাবাদী।’
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলামের স্ত্রীর গাড়িতে ডাকাতি হয়। ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় সাংসদের স্ত্রীর গাড়ি ডাকাতের কবলে পড়ে। পুলিশ সূত্র জানায়, ওই ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ সম্প্রতি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্যতম সদস্য জাকির হোসেনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে সাংসদের স্ত্রীর দুটি দামি মুঠোফোন উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ ফরিদউদ্দিন বলেন, ‘সাংসদের স্ত্রীর গাড়িতে ডাকাতির সঙ্গে আরও পাঁচ-ছয়জন জড়িত। তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এ ছাড়া আরও তিনটি চক্রের সদস্যদেরও আমরা শনাক্ত করেছি।’
গত ২৬ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একাধিক গাড়ি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ওমর গণি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ সেপ্টেম্বর ওমর গণি চট্টগ্রামের বিচারিক হাকিম মরিয়ম বেগমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি সহযোগী আরও নয়জনের নাম প্রকাশ করেন। তাঁদের দলনেতা শাহিন নামের এক ব্যক্তি।
পুলিশ সূত্র জানায়, গত ৬ জুন সীতাকুণ্ডে প্রাইভেট কার ডাকাতির ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সালাহউদ্দিন ও মামুন নামের দুজন বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পুলিশ এই চক্রের সদস্যদের কাছ থেকে লুণ্ঠিত সাড়ে আট লাখ টাকা ও ১২ ভরি সোনা উদ্ধার করে। গত বছরের ১৩ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে গাড়িতে ঢিল ছুড়ে ডাকাতি করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ ফরিদউদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।