চার চিকিৎসক লাঞ্ছিত, এক ঘণ্টার কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে চিকিৎসক ও কর্মচারীরা এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন। এ সময় জরুরি বিভাগেও চিকিৎসা দেওয়া হয়নি। এতে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। সেখানে স্বাস্থ্য কর্মকর্তাদের না পেয়ে ওই তিনজনের স্বজনেরা ক্ষুব্ধ হন। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের দাবি, একপর্যায়ে পাঁচ-ছয়জনের একটি দল উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা অনিল চন্দ্র ভৌমিক, স্বাস্থ্য কর্মকর্তা মামুনুর রশিদ, চিকিৎসক হুমায়ুন কবির ও আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) গোলাম মোস্তফাকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে ও লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চিকিত্সক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। কর্মবিরতি শেষে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কসবা নতুন বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ফিরে আসে। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসেম আনসারীর সভাপতিত্বে তাত্ক্ষণিক সমাবেশে বক্তব্য দেন চিকিৎসক হুমায়ুন মো. ইব্রাহিম খলিল প্রমুখ। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারের দাবি করেন। অন্যথায় আগামী শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুমকি দেন। ভুক্তভোগীদের অভিযোগ, কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশের সময় প্রায় দুই ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি ও বহির্বিভাগে কাউকে চিকিৎসা দেওয়া হয়নি। এতে শতাধিক রোগীকে দুর্ভোগ পোহাতে হয়।