নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৪ নভেম্বর প্রথম আলোয় ‘চিকিৎসক আছেন পাঁচজন, তবে রোগী দেখেন না’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর গত বুধবার ওই চার চিকিৎসককে এই নোটিশ দেওয়া হলো।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বলেন, হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকেরা ঠিকমতো রোগী দেখেন না—এমন অভিযোগ তুলে ধরে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর চারজন চিকিৎসককে কারণ দর্শাতে বলা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিবেদনটি প্রকাশের পর গত বুধবার থেকে প্রতিদিন বহির্বিভাগের চিকিৎসকদের তালিকা বাইরের দেয়ালে টাঙানোর সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এদিকে গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের নেতারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে তাঁর কক্ষে বৈঠক করেন। বৈঠকে ফোরামের নেতারা প্রথম আলোর সংবাদটি উপস্থাপন করে এর ব্যাখ্যা দাবি করেন। বৈঠকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।