চার চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল ভোটসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তবে সুষ্ঠু পরিবেশ না থাকার কারণ দেখিয়ে গতকাল শনিবার বিএনপির তিনজন ও শুক্রবার রাতে আওয়ামী লীগের একজন প্রার্থী ভোট বর্জন করেছেন।
ফাদিলপুর, আবাইপুর, কৃপালপুর, পাচপাখিয়া, নাগিরহাট, কামান্না, বগুড়া, ধাওয়া, পাইকপাড়া, মনোহরপুর, বসন্তপুর, চড়ইবিল, শ্রীরামপুর, গাড়াগঞ্জ, ভাটই কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে কোথাও গোলমালের ঘটনা চোখে পড়েনি। তবে বেশ কয়েকটি স্থানে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ইউপিতে বিএনপির প্রার্থীরা ভোটের আগের রাতে ভোটারদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। জাল ভোট দেওয়ার চেষ্টাকালে উমেদপুর ইউপির বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাতজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বেলা তিনটার দিকে জোর করে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে মির্জাপুর ইউপির বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সামছুজ্জামান ওরফে তুহিন নামের একজনকে পুলিশ পিটিয়ে আহত করেছে। তিনি ওই ইউপির আওয়ামী লীগের প্রার্থী সেকেন্দার আলীর ছেলে।
নির্বাহী হাকিম ওসমান গনি বলেন, জাল ভোটের দায়ে সাতজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার আবাইপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মুখতার আহম্মেদ মৃধা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ করে ভোট বর্জনের ঘোষণা দেন। একই কারণ দেখিয়ে ভোটের দিন গতকাল সকাল ১০টার দিকে মনোহরপুর ইউপিতে বিএনপির প্রার্থী আবুল হোসেন, হাকিমপুর ইউপিতে নজরুল ইসলাম ও ধলহরাচন্দ্র ইউপিতে আবদুল বারী ভোট বর্জনের ঘোষণা দেন। ভোটের আগের রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতা-কর্মীরা ভোটারদের ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন তাঁরা। তাঁরা সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোনো প্রার্থী ভোটে অনিয়মের অভিযোগ করেননি। প্রশাসন তৎপর ছিল। নির্বাচন বর্জনের বিষয়টি প্রার্থীদের ব্যাপার।