কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচনে চার চেয়ারম্যান প্রার্থীর পক্ষে অস্তিত্বের লড়াইয়ে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা। ২৩ মার্চ এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, আওয়ামী লীগের নেতা ও খুনিয়াপালং ইউপির চেয়ারম্যান আবদুল মাবুদ, বিএনপির একক প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী এবং জামায়াতের উপজেলা আমির ফজলুল্লাহ মোহামঞ্চদ হাসান।
ভোটাররা জানান, আবদুল মাবুদের পক্ষে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল মাঠে নামায় দলের অপর প্রার্থী ও বড় ভাই সোহেল সরওয়ার কাজল বেকায়দায় পড়েছেন। নির্বাচন আর পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সহোদরের (কাজল আর কমল) মধ্যে দীর্ঘ সময় ধরে বিরোধ চলে আসছে। এতে দলীয় সমর্থক ও ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন।
সোহেল সরওয়ার কাজল বলেন, গত উপজেলা নির্বাচনেও দলের অনেকে তাঁর বিরোধিতা করেছিলেন, কিন্তু জয়ী হন তিনিই। এবারও তা-ই হবে।
এদিকে বিএনপির একক প্রার্থী আহমেদুল হক চৌধুরীর পক্ষে মাঠে নেমেছেন বিএনপির সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল। দুই দলের দুই প্রার্থীকে জয়ী করতে আওয়ামী লীগ ও বিএনপির বর্তমান ও সাবেক দুই সাংসদ অনেকটা মরিয়া।
বিএনপির সাবেক সাংসদ কাজল বলেন, রামু হচ্ছে বিএনপির দুর্গ। বিএনপির সাংগঠনিক অবস্থা এখানে খুবই ভালো। বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় সরকার বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের কারণে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। আর নিরপরাধ মানুষ কারাগারে, অনেকে গ্রেপ্তার-আতঙ্কে ঘরছাড়া। হয়রানির শিকার এসব মানুষ বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে।
বিএনপির নেতা কাজল অভিযোগ করেন, সাংসদ কমল আবদুল মাবুদের পক্ষে মাঠে নেমে ভোটারদের নানাভাবে চাপ প্রয়োগ করছেন। মাবুদকে ভোট না দিলে এলাকার কোনো উন্নয়ন হবে না বলে ঘোষণা দিচ্ছেন। ভোটকেন্দ্র দখলের ভয় দেখাচ্ছেন।
অভিযোগ ভিত্তিহীন দাবি করে চেয়ারম্যান প্রার্থী আবদুল মাবুদ বলেন, তাঁর বিপুল জনসমর্থন দেখে বিরোধী পক্ষ এসব অপপ্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে। সাংসদ কমল চান শান্তিপূর্ণভাবে ভোট হোক, সরকারের ভাবমূর্তি বাড়ুক।
জামায়াতের প্রার্থী ফজলুল্লাহ মোহাম্মদ হাসানের পক্ষে মাঠে নেমেছেন জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহানসহ অনেকে। তাঁরা বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে ভোট আদায়ের চেষ্টা চালাচ্ছেন।
এই উপজেলার ১১ ইউনিয়নের ভোটার সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৮০১। এর মধ্যে সংখ্যালঘু ভোটার রয়েছেন প্রায় ১৭ হাজার।