চার চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গত শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন জামানত হারিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে চার ইউপি থেকে চেয়ারম্যান পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে উপাদী দক্ষিণ ইউপির ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আকতারুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী নোয়াব খান এবং নায়েরগাঁও দক্ষিণ ইউপির স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা ও নেছার জামানত হারিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. আজিজ বলেন, ‘নির্বাচনের নিয়ম অনুসারে প্রার্থী তাঁর আসনে মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এ কারণে ওই চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।’
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপাদী দক্ষিণ ইউপিতে চেয়ারম্যান পদে মোট ভোট পড়ে ১২ হাজার ১২১টি। সেখানে আকতারুজ্জামান ৩২১ ও নোয়াব খান ১ হাজার ৮৫ ভোট পান। নায়েরগাঁও দক্ষিণ ইউপিতে চেয়ারম্যান পদে মোট প্রাপ্ত ভোট ১২ হাজার ২১। সেখানে স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা ২৩৩ ও নেছার ৬০ ভোট পান।