চার ছাত্রকে পেটালেন কলেজের অধ্যক্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের চার ছাত্রকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কিরণ চন্দ্র দেব গতকাল বুধবার বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের কয়েকটি শ্রেণীকক্ষে ভাঙচুর চালায়। কলেজটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এবং এর অবস্থান আইন অনুষদের পাশে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের কিছু ছাত্র আইন অনুষদের ক্যানটিনে নাশতা করতে গেলে অধ্যক্ষ তাদের নিজ কক্ষে ধরে আনেন। এ সময় অজ্ঞাতপরিচয় এক ছাত্র অধ্যক্ষের কক্ষের সামনে কটূক্তি করে পালিয়ে যায়। এতে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে তাঁর সামনে উপস্থিত সাদিকুর রহমানসহ দ্বাদশ বিজ্ঞান বিভাগের চার শিক্ষার্থীকে পেটান। সূত্র জানায়, সাদিকুরকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর হাটহাজারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যার দিকে সাদিকুর মানসিকভাবে বিপর্যস্ত ছিল এবং সে আবোলতাবোল বকছিল। এ ছাড়া আহত হামিদুল ইসলাম, কামরুল হাসান ও আলী আহসানকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সূত্র জানায়, এ ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়। এরপর বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কিরণ চন্দ্র দেব বলেন, ‘কলেজের কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী অনেক দিন ধরে আইন অনুষদের ক্যানটিনে গিয়ে হইচই করে আসছে। তাদের বিভিন্ন সময় নিষেধ করা হলেও তারা তা শোনেনি। এ বিষয়ে আইন অনুষদের ডিন মহোদয় আমাকে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। আমি শিক্ষার্থীদের বিষয়টি বোঝালেও তারা তা না শুনে উল্টো আমাকে নিয়ে কটূক্তি করে। তাই আমার দায়িত্ব থেকে তাদের সামান্য মারধর করি।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সহপাঠী আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র প্রতিনিধির বৈঠকের মাধ্যমে আমরা বিষয়টি সমাধান করে দিয়েছি।’