চার ছাত্রকে মারধরের প্রতিবাদে ক্লাস বর্জন সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কে এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের চার ছাত্রকে মারধর করার প্রতিবাদে গতকাল রোববার সকালে স্থানীয় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করেছে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
থানা-পুলিশ ও বিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকালে কে এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলার মিরুখালী গ্রামের মো. রুম্মান, রুবেল আহমেদ ও রাসেল মিয়া নামের তিন তরুণ তুচ্ছ ঘটনার জের ধরে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির চার ছাত্র মো. নাইম, মো. মাসুদ, মো. হাসান ও হোসাইন খানকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টার দিকে কে এম ইউসুফ আলী মাধ্যমিক, হারজী নলবুনিয়া দাখিল মাদ্রাসা ও হারজী নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মঠবাড়িয়া-মিরুখালী সড়ক অবরোধ করে। এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেন। এরপর কে এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, কে এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিতোষ কুমার হালদার, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ইউনুছ আলী খান ও ছাত্রী সীমা আক্তার প্রমুখ।
মো. রুম্মান, রুবেল আহমেদ ও রাসেল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়েছে।