শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণের অপরাধে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের চার ছাত্রকে ১০ দিনের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী।বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ এবং মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের সেমিস্টার টার্ম পরীক্ষা চলাকালে কয়েকজন ছাত্র একে অন্যের খাতা দেখে দেখে লিখতে চান। কিন্তু হলে পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষকেরা তাঁদের ওই সুযোগ দেননি। এতে ওই ছাত্ররা ক্ষিপ্ত হয়ে পরীক্ষা শেষে হল পরিদর্শকদের সঙ্গে অশোভন আচরণ করেন। ছাত্রদের ওই আচরণের খবরে অন্য শিক্ষকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ নিয়ে মঙ্গলবার বিকেলে জরুরি বৈঠক করে শিক্ষক সমিতি। দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকেরা। সিদ্ধান্তের খবরটি তাৎক্ষণিকভাবে উপাচার্যকে জানানো হয়।সূত্র জানায়, আগের দিনের সিদ্ধান্ত অনুসারে শিক্ষকেরা গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে কর্মবিরতি শুরু করেন। এ সময় উপাচার্যের পক্ষ থেকে শিক্ষকদের দাবির বিষয়ে পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিলে শিক্ষকেরা কাজ শুরু করেন। ফলে সকাল ১০টার দিকে একাধিক বিভাগের পূর্বনির্ধারিত সেমিস্টার টার্ম পরীক্ষা শুরু হতে আধা ঘণ্টা দেরি হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শৃঙ্খলা কমিটির সভায় যাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাঁদের মধ্যে তিনজন মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের। একজন ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের ছাত্র। এর মধ্যে এক ছাত্র প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমরা নিরীহ ছাত্ররা শিক্ষকদের দলাদলির শিকার। উপাচার্যের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির সংবাদ পত্রিকায় প্রকাশ পাওয়ায় তিনিও শিক্ষকদের খুশি রাখতে চাইছেন।’যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর সরকার প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন ছাত্রের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সিদ্ধান্তটি এখনো প্রচার করা হয়নি। আগামী সোমবার নাগাদ তা প্রকাশিত হতে পারে।’