চার ছাত্রদলকর্মীকে পিটিয়ে বের করে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার রাতে কয়েকটি হলে তল্লাশি চালিয়ে ছাত্রদলের চার নেতা-কর্মীকে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা শহীদ সালাম-বরকত, আ ফ ম কামাল উদ্দিন, আলবেরুনী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী ও মীর মশাররফ হোসেন হলে মিছিল বের করেন। এ সময় নেতা-কর্মীরা হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ছাত্রদলের চার নেতা-কর্মীকে মারধর করে হল থেকে বের করে দেন। তাঁরা হলেন শহীদ সালাম-বরকত হলের সোহাগ ও লেনিন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সালেহীন ও মৃদুল। এ ছাড়া মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলকর্মী মুরাদ হোসেনের কক্ষ ভাঙচুর করেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র নাহিদকে হল থেকে বের করে দেন।ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, শিগগিরই ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা কমিটি গঠন করা হতে পারে—এমন খবর পেয়ে ছাত্রলীগ তাঁদের ওপর হামলা চালায় ও মারধর করে হল থেকে বের করে দেয়।তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নেয়ামুল পারভেজ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের জুনিয়র নেতা-কর্মীরা ছাত্রদলের কয়েক কর্মীকে চড়-থাপড় দিয়েছেন। তবে তাঁদের কক্ষ ভাঙচুর ও হল থেকে বের করে দেওয়ার অভিযোগ সত্য নয়।’ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কবিরুল বাশার বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।