চার ছাত্রনেতাকে আটক, পরে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে মানববন্ধন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের চার নেতাকে আটক করে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে তাঁদের আটক করা হয়েছিল। চার ঘণ্টা পর তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়। 
যাঁদের আটক করা হয়েছিল, তাঁরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, সাধারণ সম্পাদক দিলীপ রায়, সাবেক সভাপতি সুমন অগাস্টিন সরেন ও ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের আটক করা হয়। চার ঘণ্টা পর বিকেল সাড়ে তিনটার দিকে তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ‘সামগ্রিক নির্যাতন ও যৌন নিপীড়নের প্রতিবাদে’ বিপ্লবী ছাত্রমৈত্রী ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচি চলাকালে রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশ তাঁদের মানববন্ধন শেষ করে দ্রুত স্থান ত্যাগ করতে বলে। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ সেখান থেকে চারজনকে আটক করে।
এ ঘটনার প্রতিবাদে দুপুরে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে আটক নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে প্রগতিশীল ছাত্রজোট। সংবাদ সম্মেলনে তাঁরা ক্যাম্পাসে রাজনৈতিক নিষেধাজ্ঞাকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক উল্লেখ করেন। তাঁরা দ্রুত এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
২০১৪ সালের ৩ মার্চ থেকে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সহকারী প্রক্টর সিরাজুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। তবুও তারা মানববন্ধন করে। ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে তাদের বাধা দেওয়া হয়েছে।’
মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ক্যাম্পাসে যেকোনো ধরনের মিছিল, সভা, মানববন্ধন, সমাবেশের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানববন্ধন করায় চারজনকে সাময়িকভাবে আটক করা হয়।