ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সাংবাদিক পেটানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত চার ছাত্রের শাস্তি অর্ধেক কমানো হয়েছে। তবে আবাসিক হল থেকে বহিষ্কৃত দুই ছাত্রের শাস্তি বহাল রাখা হয়েছে। বহিষ্কৃতদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা সূত্রে জানা গেছে, দুই বছরের জন্য বহিষ্কৃত ছাত্র আবদুল্লাহ আল মাসুম ও রবিউল আলমের বহিষ্কারাদেশ এক বছর এবং এক বছরের জন্য বহিষ্কৃত জাহিদ ও সমীর পালের বহিষ্কারাদেশ ছয় মাস মওকুফ করা হয়েছে। তবে ওই চার ছাত্র ভবিষ্যতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়ালে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আবাসিক হল থেকে এক বছরের জন্য বহিষ্কৃত এনামুল হক ও কাউসার আহমেদের আগের শাস্তি বহাল রাখা হয়েছে।গতকাল রেজিস্ট্রার মো. আলিম দাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ এপ্রিল থেকে সব বিভাগের পর্ব সমাপনী পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ থাকবে।তবে শাস্তি মওকুফের প্রতিবাদে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রলীগের এক পক্ষ রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পরে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।