চার জঙ্গি আস্তানায় এখনো গুলি ও রক্তের দাগ
দেয়ালের সর্বত্র গুলির চিহ্ন। রান্নাঘরের পাশের ঘরের বেসিনের ওপর প্লাস্টিকের পাত্রে পড়ে আছে নয়টি টুথব্রাশ ও দুটি পেস্ট। পাশে একটি মিসওয়াক এবং একটি চিরুনি। রাজধানীর কল্যাণপুরের তাজ মঞ্জিলের পঞ্চম তলায় সেই অভিযানের চিহ্ন এখনো রয়ে গেছে।
গত ২৬ জুলাই কল্যাণপুরে এই বাড়িতে পুলিশের অভিযানে নয় সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। জীবিত অবস্থায় একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছে, গুলশান হামলার পর ঢাকায় আরও নাশকতা করার জন্য এরা জড়ো হয়েছিল।
সম্প্রতি রাজধানীর কল্যাণপুর, রূপনগর, আজিমপুর ও নারায়ণগঞ্জের পাইকপাড়ায় চারটি জঙ্গি আস্তানায় পুলিশ অভিযান চালায়। পুলিশের জঙ্গিবিরোধী এ চারটি বড় অভিযানে ১৪ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। পুলিশের দাবি অনুযায়ী নিহত জঙ্গিদের মধ্যে অন্তত সাতজন নব্য জেএমবির নেতৃস্থানীয়। এ চার অভিযানে তিন নারী, এক কিশোরকে গ্রেপ্তার এবং তিন শিশুকে উদ্ধার করা হয়।
সম্প্রতি ওই বাড়িগুলো ঘুরে দেখা গেছে, কল্যাণপুর ও আজিমপুরের বাড়িটিতে এখনো পুলিশি পাহারা রয়েছে। নারায়ণগঞ্জ ও রূপনগরের বাড়িটিতে পুলিশি পাহারা না থাকলেও জঙ্গিদের সেই ফ্ল্যাটটি এখনো তালাবদ্ধ। স্থানীয় বাসিন্দাদের অনেকেই এখনো সেই সব অভিযানের কথা মনে করে শিহরিত হন।
কল্যাণপুরের বাড়িটিতে গিয়ে দেখা যায়, ছয়তলা পুরো ভবনটিই প্রায় পরিত্যক্ত। বাড়িটিতে এখনো পুলিশি পাহারা রয়েছে। গত মঙ্গলবার ওই বাড়িতে গিয়ে দেখা যায়, মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. হালিম এবং আরও তিনজন পুলিশ কনস্টেবল বাড়ির নিচে মূল ফটকে পাহারায় রয়েছেন। মো. হালিম প্রথম আলোকে বলেন, বাড়িটিতে এখন আর কেউ থাকে না। একে একে সব ভাড়াটে চলে গেছে। বাড়ির মালিক জেলে রয়েছেন। পুলিশ পালাক্রমে পাহারা দিচ্ছে।
পুলিশের অনুমতি নিয়ে বাড়িটিতে ঢোকা যায়। বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন মালিক। শুধু দোতলার দরজায় কলাপসিবল গেট লাগানো। বাকি প্রতিটি তলার দরজা-জানালা খোলা। বিভিন্ন ফ্ল্যাটে আগের বাসিন্দাদের ফেলে যাওয়া অপ্রয়োজনীয় নানা জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
বাড়ির প্রতিটি তলায় রয়েছে চারটি করে ফ্ল্যাট। সিঁড়ি দিয়ে পাঁচতলায় উঠলেই হাতের ডানে ও বাঁয়ে দুটি ফ্ল্যাট। একটি ছোট করিডর ধরে এগোলে দুপাশে আরও দুটি ফ্ল্যাট। এই ফ্ল্যাট দুটির বাঁ পাশেরটাতেই থাকত নব্য জেএমবির জঙ্গিরা। এখানেই অভিযান চালিয়েছিল পুলিশ।
জঙ্গিদের ব্যবহৃত ওই ফ্ল্যাটে ঢোকার দরজা এবং পাশের ফ্ল্যাটে ঢোকার দরজা ঠিক মুখোমুখি। দুটি ফ্ল্যাটের সংযোগ দেয়ালটি গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। নিচে পড়ে আছে দেয়াল থেকে খসে পড়া সিমেন্টের ছোট ছোট টুকরো। দেয়ালে একটি জানালা রয়েছে। জানালার মাঝ বরাবর একটি দেয়াল ভেতর থেকে দুটি ফ্ল্যাটকে আলাদা করে রেখেছে। ওই জানালার গ্রিলে একটি সাদা কাগজে লেখা ‘করিডর’, তার ওপরে আরেকটি সাদা কাগজে ইংরেজিতে লেখা ‘বোম্ব’। বোমা বিস্ফোরণস্থল হিসেবে স্থানটি চিহ্নিত করেছে পুলিশ।
মুখোমুখি থাকা ফ্ল্যাট দুটিতে ঢোকার দরজার ফ্লোরেই কালচে রক্তের দাগ। জঙ্গিদের ব্যবহৃত ফ্ল্যাটটিতে ঢুকলেই প্রথমে একটি কক্ষ, দেখতে অনেকটা বসার ঘরের মতো। ফ্ল্যাটটিতে আরও দুটি কক্ষ। একটি রান্নাঘর। রান্নাঘরের পাশে একটি স্টোররুম ও একটি টয়লেট রয়েছে।
প্রথম কক্ষটি বসার ঘরের মতো, তাতে একটি হ্যাঙ্গার রয়েছে, এখনো তিনটি কাপড় সেখানে ঝুলে রয়েছে। কক্ষের একদিকের কোনায় একটি জালি ব্যাগে কয়েকটি এনার্জি সেভিং বাল্ব রাখা। মেঝেতে থাকা রক্তে দুটি কম্বল দিয়ে ঢেকে রাখা। মেঝেজুড়ে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কক্ষটির দেয়ালজুড়ে অনেক গুলির দাগ।
রান্নাঘরের চুলার ওপর একটি হাঁড়ি বসানো। ওপরে একটি তাকে নুডলসের একটি বড় প্যাকেট, খোলা হয়নি। পাশেই রয়েছে চিনি, চা-পাতা, সরিষার তেল, সয়াবিন তেলসহ বিভিন্ন বয়াম ও কৌটা। রান্নাঘরে থাকা হাঁড়ি-পাতিল, কলসি, ঢাকনা—সবকিছুই একেবারে নতুন।
রান্নাঘরের পাশের স্টোর রুমটিতে একটি হাঁড়িতে পচে কালচে হয়ে যাওয়া খাবার এবং একটি থালে পচে ছত্রাক পড়ে যাওয়া খাবার দেখা যায়। ওই কক্ষে একটি বেসিন রয়েছে। বেসিনের ওপর একটি প্লাস্টিকের বক্সে নয়টি টুথব্রাশ ও দুটি পেস্ট রাখা। পাশে একটি মিসওয়াক এবং একটি চিরুনি পড়ে রয়েছে। এই কক্ষের দেয়ালেও গুলির চিহ্ন রয়েছে।
পাশের দুটি কক্ষের মধ্যে একটিতে একটি প্রিন্টার, একটি ল্যাপটপ, একটি মোবাইল মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। কক্ষটির মেঝেজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল নানা কাপড়চোপড়। কক্ষটির এক কোণে একটি প্লাস্টিকের তাক, দেয়ালের নিচের দিকে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। এর ঠিক ওপরে কাচের জানালা থাকলেও সব কটি জানালার কাচই অক্ষত।
পাশের কক্ষটি মূলত পাশের ফ্ল্যাটের সঙ্গে সংযুক্ত। দুই ফ্ল্যাটের মধ্যে একটি স্টিলের দরজা রয়েছে। দরজাটি ভাঙা। এই কক্ষের মেঝেতেও কাপড়চোপড় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এই কক্ষটির কাচের জানালা গুলিতে ভেঙে গেছে। এই ফ্ল্যাটটির শুধু প্রথম কক্ষের মেঝেতেই রক্তের দাগ ছিল, অন্য কোনো কক্ষে নয়।
তবে পঞ্চম তলায় উঠতেই ডান দিকের প্রথম ফ্ল্যাটটির ভেতরের কক্ষের মেঝেতে রক্তের দাগ রয়েছে। এই ফ্ল্যাট জঙ্গিদের ফ্ল্যাটের থেকে একেবারেই আলাদা।
নারায়ণগঞ্জের বাড়ি: নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুরাতন কবরস্থান-সংলগ্ন বাড়িটিতে এখন আর পুলিশি পাহারা নেই। গত ২৭ আগস্ট এখানে পুলিশ ‘হিট-স্ট্রং ২৭’ নামের অভিযান চালিয়েছিল। ওই অভিযানে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীসহ তিনজন নিহত হন। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা বলেছেন, তামিম চৌধুরী গুলশান হামলার অন্যতম সমন্বয়কারী।
ওই অভিযানের পর কয়েক দিন সিআইডির ক্রাইম সিন ইউনিট বাড়িটির প্রধান ফটক সিলগালা করে দিয়েছিল। মোতায়েন করা হয়েছিল পুলিশের কয়েকজন সদস্যকে। মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, তিনতলা বাড়ির প্রধান প্রবেশপথ খোলা। ভাড়াটেরা বলেন, ঈদের পর পুলিশ বাড়িটির ফটক খুলে দেয়।
তিনতলা বাড়িটির নিচতলায় ভাড়াটেরা এখনো আছেন। দোতলায় সপরিবারে থাকতেন বাড়ির মালিক। ২৭ আগস্টের পর থেকে বাড়ির মালিককে আটক করা হয়। পরিবারের সদস্যরা অন্যত্র আত্মীয়ের বাড়িতে উঠেছেন। তিনতলায় ছোট ছোট তিনটি ফ্ল্যাট। এর একটিতেই গত ৩ জুলাই ওষুধ কোম্পানির কর্মকর্তা পরিচয়ে ভাড়া নিয়েছিল জঙ্গিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাড়াটে প্রথম আলোকে বলেন, ওই বাড়ি-সংলগ্ন একই মালিকের টিনশেড ঘরগুলোতে ২০টি পরিবার ভাড়া থাকে। অভিযানের দিন ফজর আজানের পরপর পুলিশ এসে ভবনের চারপাশের ঘরগুলোতে ভাড়া থাকা পরিবারগুলোকে দরজা বন্ধ করে ভেতরে থাকার নির্দেশ দেয়। অভিযান চলাকালে ব্যাপক গুলির শব্দে তারা আতঙ্কিত ছিল।
আরেকজন ভাড়াটে বলেন, জঙ্গিদের ওই ফ্ল্যাটে কারা থাকত, তা তাঁরা জানতেন না। ওই ফ্ল্যাটের লোককে কেউই দিনের বেলায় বের হতে দেখেননি। তবে রাতের বেলায় তাঁদের একজনকে বের হতে দেখেছেন বলে অপর এক প্রতিবেশী দাবি করেন।
অভিযানের পর পুলিশ বাড়ির মালিক নুরউদ্দিন দেওয়ানকে ভাড়াটের তথ্য গোপনের অভিযোগে গ্রেপ্তার করে। তিনি এখন কারাগারে। নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে বাড়ির মালিক বলেছেন, ওই ভাড়াটেদের জাতীয় পরিচয়পত্র তিনি রেখেছিলেন। অভিযানের সময় ঢাকার পুলিশ সেগুলো নিয়ে গেছে।
রূপনগরের সেই বাড়ি: মিরপুরের রূপনগরের ৩২ নম্বর সড়কের বাড়িটিতে গত ২ সেপ্টেম্বর অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম নিহত হন। পুলিশ বলছে, তিনি নব্য জেএমবির প্রশিক্ষক ছিলেন।
মঙ্গলবার বাড়িটিতে গিয়ে দেখা যায়, ছয়তলার যে ফ্ল্যাটে জাহিদুল থাকতেন, সেটি তালাবদ্ধ। বাড়ির প্রতি তলায় দুটি করে ফ্ল্যাট। প্রতি ফ্ল্যাটে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও বসার ঘর। জাহিদ ছয়তলার যে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন, তার পাশের ফ্ল্যাটে তিনজন ছাত্র থাকেন। ঘটনার দিন তাঁদের মধ্যে দুজন বাসায় ছিলেন। তাঁদের একজন প্রথম আলোকে বলেন, ‘২ সেপ্টেম্বর আনুমানিক রাত ৮টা ২০ মিনিটের দিকে বাইরে থেকে শব্দ শুনি। মনে হয়েছে দরজায় কেউ বাড়ি মারছে। কেন শব্দ হচ্ছে, তা দেখার জন্য দরজা খুলি। দেখি বাইরে একজন পুলিশ দাঁড়ায় আছে। হাতে বন্দুক। টার্গেট করে আছে। ওই ফ্ল্যাটের দরজা খোলা। পুলিশ দেখে আমি আমার দরজা লাগিয়ে দিই।’
ওই ছাত্র বলেন, ‘এই লোকটাকে (জাহিদ) আমি আগে কখনো দেখি নাই। শুনেছি দুই মাস ধরে নাকি থাকত। ঘটনা যেদিন ঘটেছে, সেদিন থেকে দুই মাস আগেই নাকি থাকত। তাঁকে কখনো দেখিনি। ওই ঘটনার সপ্তাহ খানেক আগেও একদিন রাত ১০টার দিকে পুলিশ এসেছিল তাঁকে খুঁজতে। যেদিন এসেছিল, ওই দিন থেকে ফ্ল্যাটটি তালা দেওয়া ছিল। এর আগে কখনো তালা দেওয়া দেখি নাই। যেদিন পুলিশ আসল, সেদিন থেকেই লক।’ ঘটনার পর থেকে ওই ফ্ল্যাটে কাউকে ঢুকতে দেয়নি পুলিশ।
রূপনগরের ওই অভিযানে আহত হন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান। এর মধ্যে সহিদ আলম ও মমিনুর রহমান স্কয়ার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছেন। মমিনুর রহমান ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন। তবে শাহীন ফকির এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওসি সহিদ আলম প্রথম আলোকে বলেন, ৮ সেপ্টেম্বর তাঁকে হাসপাতাল থেকে বিশ্রামের জন্য বাড়ি পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের প্রথম দিকে তিনি কাজে যোগ দেবেন।
আজিমপুরের জঙ্গি আস্তানা: আজিমপুরের জঙ্গি আস্তানাটি এখনো তালাবদ্ধ করে রাখা হয়েছে। ১০ সেপ্টেম্বর এখানে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। পাঁচতলা ওই বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে ছিল ওই সন্দেহভাজন জঙ্গিরা। অভিযানে তানভীর কাদেরী নামে এক ব্যক্তি নিহত হন। তাঁর স্ত্রী, কিশোর পুত্র এবং সন্দেহভাজন আরও দুই জঙ্গির স্ত্রীকে সেখান থেকে পুলিশ আটক করে। তিন নারীই আহত হন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে রূপনগরে নিহত মেজর (অব.) জাহিদের শিশুসন্তান ও বাশারুজ্জামান নামে আরেক সন্দেহভাজন জঙ্গির বাচ্চাকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, নিহত তানভীর কাদেরী নব্য জেএমবির একজন গুরুত্বপূর্ণ নেতা, যিনি গুলশানে হলি আর্টিজান হামলায় জড়িত জঙ্গিদের থাকার জন্য বসুন্ধরা আবাসিক এলাকা এবং শেওড়াপাড়ায় দুটি বাসা ভাড়া করেছিলেন।
মঙ্গলবার আজিমপুরের ওই বাসায় গিয়ে দেখা যায়, ফটকে পাহারায় রয়েছেন লালবাগ থানার পাঁচজন পুলিশ সদস্য। তাঁদের একজন বলেন, বাসাটির বাসিন্দাদের থাকার জন্য খুলে দেওয়া হয়েছে। তবে জঙ্গিদের ফ্ল্যাটটি বন্ধ রয়েছে।
কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা বলছেন, বিভিন্ন সময় গ্রেপ্তার করা জঙ্গিদের তথ্য অনুযায়ী এর মধ্যে ঢাকায় শতাধিক বাড়িতে অভিযান চালানো হয়েছে। অনেকে গ্রেপ্তারও হয়েছে।
কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, অভিযান অব্যাহত আছে। জঙ্গি আস্তানা-সংক্রান্ত তথ্য পাওয়া মাত্রই ‘ব্লক রেইড’ দেওয়া হচ্ছে।
(প্রতিবেদনটিতে সহায়তা করেছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেন)