রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় চার জঙ্গির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফুল ইসলাম এই মামলার অভিযোগপত্র গ্রহণের পর গতকাল রোববার দুপুরে এ আদেশ দেন। এ ছাড়া এই মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার ছয়জনকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।
যে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁরা হলেন সাদ্দাম হোসেন ওরফে রাহুল, আহসান উল্লাহ আনসারী, সাখাওয়াত হোসেন ও নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে হাসান। তবে তাঁদের মধ্যে নজরুল ইসলাম রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি আশরাফের মোড় এলাকায় ২ আগস্ট ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
গত ৩ জুলাই আট জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী। অভিযোগপত্রে ওই চার আসামিকে পলাতক দেখানো হয়।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) শাহ মো. নয়ন নুর রহমান বলেন, কুনিও হোশিকে হত্যার পর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার ছয়জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত। তাঁরা হলেন কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির হিরা, রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান বিপ্লব, রংপুর মহানগর যুবদলের সদস্য রাজীব হাসান সুমন ওরফে মেরিল সুমন, নওশাদ হোসেন রুবেল ওরফে ব্ল্যাক রুবেল, বিজয় ও নগরীর শালবন মিস্ত্রিপাড়ার কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, তদন্তে হত্যাকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্যপ্রমাণ না পাওয়ায় অভিযোগপত্রে তাঁদের আসামি করা হয়নি। বর্তমানে তাঁরা রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
গত বছরের ৩ অক্টোবর সকালে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক কুনিও হোশি।