চার জাতীয় নেতাকে শ্রদ্ধা
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ৩ নভেম্বর পালিত হয়েছে জেলহত্য দিবস। গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে ওই জঘন্য ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতাকে।
দিবসটি উপলক্ষে গতকাল সকাল সাড়ে সাতটায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি আওয়ামী লীগের প্রধান হিসেবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিনি দোয়া ও মোনাজাত করেন এবং নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে বনানী কবরস্থানে চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, মন্ত্রিরা ও দলীয় নেতারা।
৩২ নম্বরে শ্রদ্ধা জানানোর পর জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ছেলে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করাই ছিল জাতীয় চার নেতার সবচেয়ে বড় অপরাধ। যার জন্য তাঁদের হত্যা করা হয়েছে।
এ সময় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের সারা দেশের সব শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন করা হয়। আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজন করে আলোচনা সভার।
১৯৭৫ সালের ৩ নভেম্বর এক ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান।