চার জামায়াত নেতার জামিনের আবেদন খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ দলটির চার নেতার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য দুজন হলেন মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা।ট্রাইব্যুনাল এই চারজনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী ১ জুনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।এ ছাড়া নিজামী ও মুজাহিদকে ধানমন্ডির সেফ হোমে নিয়ে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে ১৩ এপ্রিল ট্রাইব্যুনালের দেওয়া আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনও খারিজ করা হয়েছে।