চার জাহাজের তিনটিই বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে সন্দ্বীপ, হাতিয়া ও বরিশাল নৌপথে নিয়মিত চারটি যাত্রীবাহী জাহাজ পরিচালনা করত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কিন্তু এবার ঈদে চলাচল করতে পারছে মাত্র একটি জাহাজ। এমভি মনিরুল হক নামের এই জাহাজেরও যান্ত্রিক সমস্যা আছে বলে জানা গেছে।এ অবস্থার মধ্যেই কাল শনিবার থেকে ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিএর নিয়মিত লঞ্চ চলাচলের ঘোষণা দেওয়া হয়েছে। তিনটি লঞ্চ বিকল থাকায় এবার ঈদ উপলক্ষে চট্টগ্রামের বিআইডব্লিউটিএ কোনো আগাম টিকিট বিক্রি করছে না।সূত্রমতে, বিআইডব্লিউটিএর অপর তিনটি জাহাজ হচ্ছে এমভি আবদুল মতিন, এমভি আলাউদ্দিন ও এমভি বার আউলিয়া। আবদুল মতিন ও আলাউদ্দিনের মেরামতকাজ চলছে। বার আউলিয়ার যাত্রী নিয়ে চলাচলের মেয়াদ শেষ হয়ে গেছে গত ২১ জুন। এর পর থেকে জাহাজটিকে চালানোর কোনো উদ্যোগই নেয়নি বিআইডব্লিউটিএ।বিআইডব্লিউটিএর চট্টগ্রামের সহকারী মহাব্যবস্থাপক (প্রকৌশল) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে ঈদের আগেই এমভি আবদুল মতিনকে চলাচলের উপযোগী করে তোলা যায়। এ ছাড়া মনিরুল হকের টুকিটাকি সমস্যা আমরা সারিয়ে নেব। বার আউলিয়ার ত্রুটি এ মুহূর্তে সারিয়ে নেওয়া সম্ভব নয়।’বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সন্দ্ব্বীপ, হাতিয়া ও বরিশালে নিয়মিত চলাচল করে প্রায় ৭০০ জন যাত্রী। ঈদের সময় এ সংখ্যা বেড়ে দেড়-দুই হাজার হওয়ার কথা। কিন্তু চার জাহাজের তিনটিই বিকল থাকায় এসব নৌপথের যাত্রীরা পড়েছে চরম বেকায়দায়।জানা গেছে, এমভি আলাউদ্দিনকে ২০০৯ সালে পুনর্নির্মাণের (রিনোভেশন) জন্য ঢাকায় পাঠানো হয়। প্রায় সপ্তাহ দেড়েক আগে কর্ণফুলী ডকইয়ার্ডে মেরামতের জন্য পাঠানো হয় এমভি আবদুল মতিনকে। মনিরুল ও মতিনের চেয়ে দ্বিগুণ যাত্রী পরিবহনে সক্ষম এমভি বার আউলিয়ায় যান্ত্রিক ত্রুটি রয়েছে। এ কারণে নৌবাণিজ্য অধিদপ্তর জাহাজটিকে চলাচলের ছাড়পত্র দিচ্ছে না। বার আউলিয়ার একসঙ্গে এক হাজার যাত্রী পরিবহনের ক্ষমতা রয়েছে।বার আউলিয়ার ক্যাপ্টেন লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বার আউলিয়ার ওজন প্রায় এক হাজার টন। এত বিশাল ওজনের নৌযান বিআইডব্লিউটিএর কোনো ডকইয়ার্ডে তো নয়ই, এমনকি খুলনা ও নারায়ণগঞ্জের ডকইয়ার্ডেও সার্ভিসিং করানো সম্ভব নয়।’জানা গেছে, প্রতি আড়াই বছর পর জাহাজটিকে মেরামত কারখানায় (ড্রাইডক) তুলে প্রয়োজনীয় সংস্কারকাজ করা দরকার। কিন্তু ২০০৫ সালের পর জাহাজটিতে আর সেই ধরনের কোনো সংস্কার করা হয়নি।গতকাল নগরের সদরঘাটে বিআইডব্লিউটিএর টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীর ভিড় নেই। কর্তৃপক্ষ কোনো আগাম টিকিট বিক্রির ব্যবস্থা করতে না পারায় যাত্রীরা টার্মিনালমুখী হচ্ছে না বলে জানা গেছে।সচরাচর সপ্তাহের প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ জাহাজ চট্টগ্রাম থেকে সন্দ্বীপ, হাতিয়া ও বরিশাল নৌপথে চলাচল করে। যাত্রার পরদিন জাহাজগুলো চট্টগ্রামে ফেরত আসে।