চার জায়গায় সড়ক দুর্ঘটনা শিশুসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও পীরগঞ্জ, নীলফামারীর ডোমার এবং দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

ঠাকুরগাঁও: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার কুমরগঞ্জ এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের আরোহী ইউনুস আলী (৪৫) মারা যান। তিনি পেশায় একজন গুড় ব্যবসায়ী ছিলেন। স্থানীয় লোকজন ট্রাকের আহত চালকের সহকারী আনোয়ার হোসেনকে (৩৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহত দুজনই রাজশাহীর বাসিন্দা।

রানীশংকৈল থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পীরগঞ্জ: পীরগঞ্জ-রানীশংকৈল সড়কের ডিএন ডিগ্রি কলেজের পাশে ট্রাক্টরের ধাক্কায় উমের আলী (৫০) নামের এক নির্মাণশ্রমিক প্রাণ হারিয়েছেন। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, উমের আলী সাইকেলে চড়ে যাওয়ার পথে কলেজের মোড়ে ট্রাক্টরটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে উমের আলী রাস্তায় পড়ে আহত হন। তাঁকে প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্যকেন্দ্র এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে তিনি মারা যান।

পীরগঞ্জ থানার ওসি কে এম শওকত হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের এবং ট্রাক্টরটি আটক করা হয়েছে। কিন্তু এর চালক পলাতক।

নীলফামারী: নীলফামারী-ডোমার সড়কের ডোমার উপজেলার সোনারায় বাজারে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজিউদ্দিন (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় সোনারায় বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে রাস্তা পার হচ্ছিলেন অজিউদ্দিন। এ সময় জিসা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। অজিউদ্দিন হরিণচড়া ইউনিয়নের আঠিয়াবাড়ী বুড়িরহাট এলাকার বাসিন্দা।

ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, অভিযোগ না থাকায় লাশ স্বজনদের দেওয়া হয়েছে।

পার্বতীপুর: গতকাল বৃহস্পতিবারপার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের বান্নিরঘাট বাজারে ট্রাকচাপায় মমতা খাতুন (৭) নামে এক শিশু মারা গেছে। সে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের দোলাপাড়ার মোশারফ হোসেনের মেয়ে ও বেলাইচণ্ডী বাজারের মৈত্রী কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়ক অবরোধ করলে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।