চার জেলা থেকে বিএনপি ও জামায়াতসহ শতাধিক গ্রেপ্তার
বগুড়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও কুষ্টিয়া থেকে জামায়াত-বিএনপি, ছাত্রদল ও ছাত্রশিবিরের নয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বগুড়ায় জামায়াত-শিবিরের চারজন, চুয়াডাঙ্গায় জামায়াতের তিনজন, মাগুরায় বিএনপির এক কর্মী ও কুষ্টিয়ার এক ছাত্রদল নেতা রয়েছেন। এ ছাড়া বগুড়া সদরসহ ১২টি উপজেলা থেকে বিভিন্ন মামলার ৯৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া শহরের জামিলনগর এলাকার একটি ছাত্রাবাসে গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে জেলা জামায়াতের রোকনসহ ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। অভিযানে একটি পেট্রলবোমা, ককটেল ও হাতবোমা তৈরির বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান প্রথম আলোকে জানান, শহরের সরকারি আজিজুল হক কলেজসংলগ্ন জামিলনগর এলাকার লাবিদ ছাত্রাবাসে জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার জন্য পেট্রলবোমা ও ককটেল তৈরি করছে—এমন সংবাদের ভিত্তিতে বেলা দেড়টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে একটি পেট্রলবোমা এবং ককটেল ও বোমা তৈরির বিস্ফোরকসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে জেলা জামায়াতের রোকন সুলতান মাহমুদ এবং ছাত্রশিবিরের তিন কর্মী আবদুর রহিম, রাশেদুল রানা ও মোহসিন আলীকে আটক করা হয়।
এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে গতকাল বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৯৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বগুড়া শহর থেকে ১৬ জন এবং অন্যদের বিভিন্ন থানা থেকে আটক করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, আসামিদের গ্রেপ্তারে এ অভিযান চলবে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামে গত মঙ্গলবার রাত ১০টার দিকে একটি বাড়িতে বৈঠক করার সময় বিশেষ ক্ষমতা আইনে জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নাগদাহ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসেন জোয়ার্দ্দার (৪৫), ৬ নম্বর ওয়ার্ডের আমির দুধ মল্লিক (৫৫) ও ইউনিয়ন কমিটির সদস্য জাহাপুর জামে মসজিদের ইমাম আবদুল কাদের (৫০)। আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) পিয়ার আলী আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। থানার ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সরকারবিরোধী তৎপরতার অভিযোগ আছে।
মাগুরা শহরের ইসলামপুর পাড়া এলাকা থেকে গতকাল দুপুরে মেসবাউল আলম (৩৩) নামে এক বিএনপির কর্মীকে আটক করেছে পুলিশ। তিনি শহরের পারনান্দুয়ারি গ্রামের ইসহাক আলীর ছেলে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পুরোনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামকে গতকাল বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ফয়সাল টাওয়ার থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বাস পোড়ানো মামলায় আসামি বলে পুলিশ জানায়।