চার জেলা থেকে ২৯ জন আটক
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল ও টানা অবরোধের মধ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় চার জেলা থেকে ২৯ জনকে আটক করেছে পুলিশ। নাশকতার আশঙ্কা, নাশকতায় জড়িত থাকার অভিযোগ ও বিভিন্ন মামলায় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের অধিকাংশই বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী-সমর্থক।
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন দাবি করেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
রাজশাহী নগর জামায়াতের সহকারী সেক্রেটারি আবু মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের হড়গ্রাম এলাকা থেকে গতকাল বিকেল পৌনে পাঁচটায় নগর গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, জামায়াত নেতা সেলিমের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকা থেকে গতকাল দুপুরে চারটি পেট্রলবোমা উদ্ধার ও ছয়জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, বেলা ১১টার দিকে উল্যাবাজার এলাকার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভরতখালী ইউনিয়ন পরিষদের ৬৯ শতক জলাশয় দখল করতে যায়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আজাদের লোকজন ধাওয়া করলে তারা জাহাঙ্গীরের বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ গিয়ে জাহাঙ্গীরের বাড়িতে তল্লাশি করে চারটি পেট্রলবোমা উদ্ধার ও জাহাঙ্গীরসহ ছয়জনকে আটক করে। তবে জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, বাড়ি থেকে পেট্রলবোমা উদ্ধারের ঘটনাটি সাজানো।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই রাজুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের দাবি, নাশকতার অভিযোগে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}