চার জেলাকে ঘিরে সীমান্ত সড়ক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কক্সবাজার ও তিন পার্বত্য জেলাকে ঘিরে ৬৯৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়ক নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের সীমান্ত সুরক্ষায় এই সড়ক নির্মাণে ব্যয় হবে ৩ হাজার ৩০২ কোটি টাকা। সময় লাগবে ১২ বছর।
গতকাল শুক্রবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানী এলাকায় সেনাবাহিনী নির্মিত দুটি সেতুর (বড় খাল ও ছোট খাল সেতু) উদ্বোধন করেন ওবায়দুল কাদের। সাগরের পাড়ঘেঁষে নির্মিত মেরিন ড্রাইভ সড়কের নির্মাণকাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ১৬ ইসিবি (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন)।
মন্ত্রী বলেন, ৮৪ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক পর্যটনশিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে। সড়কের ৪৮ কিলোমিটারের নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি কাজ ২০১৭ সালের জুন মাসের মধ্যে শেষ হবে।
অনুষ্ঠানে মেরিন ড্রাইভ প্রকল্পের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল ওহাব বলেন, ৪৪ দশমিক ২ মিটার দীর্ঘ বড় খাল সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি ৩৭ লাখ ২৬ হাজার টাকা। আর ৩১ দশমিক ৩৪ মিটার দীর্ঘ ছোট খাল সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা। এর আগে এই সড়কের ওপর আরও সাতটি সেতু নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৬ ইসিবির (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মো. মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রমুখ।