চার জেলায় অংশ নিল ৫৮ স্কুলের শিক্ষার্থীরা

গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতা গতকাল শুক্রবার কক্সবাজার, পটুয়াখালী, নওগাঁ ও কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় এ চারটি জেলার মোট ৫৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ঢাকার বাইরে আমাদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়, জেলা প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদকের পাঠানো খবর:
কক্সবাজার: বৃষ্টি-বন্যা উপেক্ষা করে সকালে শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। তবে বন্যায় সড়কযোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ছয়টি স্কুল প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা স্কুল নির্বাচিত হয় কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। প্রথম রানারআপ হয় কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় এবং দ্বিতীয় রানারআপ হয় কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস। ইন্টারনেট নিয়ে বক্তব্য দেন চকরিয়া বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম ফজলুল হক ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাছির উদ্দিন।
পটুয়াখালী: ১৬টি স্কুলের শিক্ষার্থীরা পৌরসভা মিলনায়তনে এসে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রবল বৃষ্টি তাদের উৎসাহকে দমাতে পারেনি। সেরা স্কুল নির্বাচিত হয় পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। সেরা প্রতিযোগী নির্বাচিত হয় ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মালিহা বিনতে নজরুল। প্রতিযোগিতার শুরুতে শিক্ষার্থীরা ১৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা, গেইম জোন ও দলীয় উপস্থাপনায় অংশ নেয়। বেশি নম্বর পাওয়া ওই বিদ্যালয়ের পাঁচজনকে নির্বাচিত করা হয়। তারা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
নওগাঁ: জেলা শহরের মোটেল চিশতিয়া মিলনায়তনে জেলার মোট ১৬টি স্কুলের দেড়শ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা স্কুল নির্বাচিত হয় নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ওই বিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে পাঁচজনকে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়। শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি নিয়ে আইকিউ টেস্ট, সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা নিয়ে উপস্থাপনা এবং আইকিউ গেম প্রতিযোগিতায় অংশ নেয়।
ভৈরব: কিশোরগঞ্জ জেলার প্রতিযোগিতাটি গতকাল ভৈরবের মেহেদি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে জেলার ১৬টি বিদ্যালয়ের মোট ১৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। সেরা বিদ্যালয় নির্বাচিত হয় বাজিতপুরের আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে ভৈরব বন্ধুসভার সাবেক প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ অধ্যাপক আতাউর রহমান বলেন, নিজেকে ঘরে সীমাবদ্ধ করে রাখার দিন শেষ। এখন ইন্টারনেটের আলোয় সারা বিশ্বকে চিনতে হবে এবং দেশকে চেনাতে হবে।
আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিব, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। আই-জেনে জেলা পর্যায়ে অংশ নিচ্ছে এক হাজার স্কুল দল। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয়ের বিজয়ী দলগুলো অংশ নিচ্ছে।