ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনাকে নিয়ে ময়মনসিংহ নতুন বিভাগ হওয়ায় খুশি এ চার জেলার মানুষ। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে গতকাল সোমবার এ সিদ্ধান্তকে স্বাগত জানান স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক, নাগরিক সমাজ ও সুশীল সমাজ।
ময়মনসিংহ: গতকাল বিকেলে ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে শহরের রেলওয়ে চত্বর থেকে এবং সন্ধ্যায় জেলা নাগরিক আন্দোলন কমিটির উদ্যোগে পৃথক আনন্দ মিছিল বের হয়। মিছিলে সব শ্রেণি-পেশার মানুষ ঢাকঢোল বাজিয়ে ও নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন।
জেলা নাগরিক আন্দোলন কমিটির সভাপতি আনিসুর রহমান খান বলেন, ‘আমি ময়মনসিংহবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’
জামালপুর: জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা শহরের তমালতলা এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক ঘুরে মিছিলটি গেইটপাড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে মিষ্টি বিতরণ করা হয়। এর আগে মিছিল-পূর্ব এক সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মোহাম্মদ বাকী বিল্লাহ্, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আকন্দ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাঈম রহমান প্রমুখ।
শেরপুর: সন্ধ্যায় জেলা শহরের গোপালবাড়ী ও কালীরবাজার এলাকায় সর্বস্তরের মানুষকে মিষ্টিমুখ করানো হয়। এ ছাড়া জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানোয়ার হোসেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
নেত্রকোনা: জেলা ছাত্রলীগ সন্ধ্যা সাড়ে সাতটায় আনন্দ মিছিল বের করে। শহরের ছোটবাজার এলাকায় দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
এর আগে বিকেল সাড়ে পাঁচটায় নতুন বিভাগের কার্যক্রম শুরু নিয়ে শহরের মোক্তারপাড়া এলাকায় নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।