চার জেলায় চার খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গত বুধবার চালককে হত্যা করে একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। একই দিন ঝিনাইদহ সদর উপজেলার আলামপুর গ্রামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।
এ ছাড়া পটুয়াখালীর গলাচিপায় দুই পক্ষের মারামারিতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পিরোজপুরের মঠবাড়িয়ায় অজ্ঞাত এক তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া: র‌্যাব-১২ কুষ্টিয়া কার্যালয়ে গতকাল এক সংবাদ সমেঞ্চলনে জানানো হয়, র‌্যাব সদস্যরা বুধবার রাতে শহরের থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিকশা জব্দ ও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, আরও দুই ছিনতাইকারীসহ চারজন মিলে ভেড়ামারা শহরের শাপলা চত্বর এলাকা থেকে একটি অটোরিকশা ভাড়া করে কুষ্টিয়ায় আসছিলেন। পথে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের দশমাইল এলাকায় পৌঁছালে তাঁরা গাড়ি থামিয়ে চালককে হত্যা করে অটোরিকশাটি নিয়ে কুষ্টিয়ায় পালিয়ে আসেন। পরে র‌্যাব সদস্যরা রাত পৌনে চারটার দিকে মিরপুর এলাকা থেকে অন্য দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন। তাঁদের নিয়ে রাতেই মহাসড়কের দশমাইল এলাকা থেকে সোনা মিয়া (৩০) নামের অটোরিকশাচালকের গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেন। সোনা মিয়া পূর্ব ভেড়ামারা শহরের ইসমাইল হোসেনের ছেলে।
গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন মিরপুর উপজেলার ত্রিমোহনী পশ্চিম গোবিন্দপুর গ্রামের শামিউল ইসলাম (২২), চারুলিয়া গ্রামের সাদ্দাম হোসেন (২২), তালবাড়িয়া গ্রামের হাসান আলী (২৪) ও নওদাশামুখিয়া গ্রামের শামিন (২৩)।
ঝিনাইদহ: সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, মনজের আলী মোল্লা (৬৫) বুধবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে পাশের বাজারে চা পান করতে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকালে বাড়ির পাশে রাস্তার ওপর তাঁর গলা কাটা লাশ দেখে গ্রামবাসী থানায় খবর দেন। তিনি আলামপুর গ্রামের বাসিন্দা ছিলেন এবং কৃষিকাজ করতেন।
গলাচিপা (পটুয়াখালী): গলাচিপা থানার ওসি শিশির কুমার পাল জানান, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মানিকচাঁদ গ্রামের কবির মুন্সির (২৮) গরু একই গ্রামের মালেক পেয়াদার রোপা ধানখেত নষ্ট করেছে। এ নিয়ে গত বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে মালেক পেয়াদা লোকজন নিয়ে কবির মুন্সিকে মারধর করেন। এতে কবির মুন্সি আহত হলে ওই দিন বিকেলে তাঁকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।
মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জি এম আবুল কালাম আজাদ জানান, গতকাল ভোরে উপজেলার ধানীসাফা গ্রামের একটি নালায় এলাকাবাসী এক নারীর (২৫) লাশ দেখে থানায় খবর দেন। পুলিশ দুপুরে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।