চার জেলায় জামায়াত শিবিরের নয়জন আটক
দেশের চার জেলায় গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত জামায়াত-শিবিরের অন্তত নয়জন নেতা-কর্মীসহ ১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে বোমা ও উসকানিমূলক প্রচারপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে চারজন কুষ্টিয়ার, তিনজন বগুড়ার, দুজন নীলফামারীর ও তিনজন মৌলভীবাজারের স্থানীয় নেতা-কর্মী।
প্রথম আলোর অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া: কুষ্টিয়া মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শহরের এনএস রোডের পাশে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের একটি ছাপাখানায় পুলিশ অভিযান চালায়। সেখান থেকে জামায়াত-শিবিরের প্রচারপত্রসহ শহর শাখা শিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান ওরফে পলাশ (৩০), ছাপাখানার ব্যবস্থাপক কাজী আনোয়ার হোসেন (৬৬), ছাপাখানার কর্মচারী মাসুম বিল্লাহ (২৬) ও শাহিন উদ্দিনকে (২৬) আটক করা হয়।
রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ভোরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির নিচ থেকে ছয়টি পেট্রলবোমা ও নয়টি ককটেল উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক ওবাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাঁদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
বগুড়া: সদর-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার প্রথম আলোকে বলেছেন, গতকাল বুধবার ভোরে শহরের সুলতানগঞ্জ পাড়া এলাকা থেকে জেলা জামায়াতের তথ্য বিভাগের প্রধান হাসিম বেগকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
এ ছাড়া জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) আরেকটি দল মঙ্গলবার রাতে মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ও শিবগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির তোফাজ্জল হোসেন (৪৮) এবং মোকামতলা ইউনিয়ন জামায়াতের আমির ফেরদৌস আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে।
নীলফামারী: সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে শহরের ডিসির মোড়ে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক পোস্টার লাগানোর সময় টহল পুলিশ আবদুল জলিল (১৮) ও আবদুর রাজ্জাক (১৯) নামের দুই শিবির কর্মীকে আটক করে। এরা দুজনই নীলফামারী সরকারি কলেজের ছাত্র। গতকাল বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার: শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি মেস থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ পৌর জামায়াতের সাবেক আমির সাদিকুর রহমান (৫০), শিবির কর্মী তুহিন ইসলাম (২২) ও তানভীর আহমদকে (২৬) আটক করে।
মৌলভীবাজার সদর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমা বেগম তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তাঁদের বিরুদ্ধে মারামারির মামলা রয়েছে।