চার জেলায় পাঁচজন খুন, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা, বগুড়া, নাটোর ও রংপুরে গত সোমবার বিএনপি-সমর্থিত সাবেক এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়নের কিশামত গোহাইল গ্রামের নজরুল ইসলাম (৫৫) একজনের মুঠোফোন পেয়ে সোমবার বিকেলে পাশের ত্রিমোহনী বাজারে যান। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে লাশ পুঠিয়াগাড়ি রাস্তার পাশে ফেলে রাখে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, গতকাল মঙ্গলবার সকালে নজরুলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পাবনা: সদর উপজেলার হেমায়েতপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাত ১১টার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এর পর থেকে লাল চাঁদ নিখোঁজ ছিলেন। গতকাল সকাল আটটার দিকে হেমায়েতপুর আশ্রয়ণ প্রকল্পের একটি পুকুরপাড়ে কচুরিপানার মধ্যে লাল চাঁদের লাশ পাওয়া যায়। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
একই উপজেলার আশুতোষপুর গ্রামে জমি নিয়ে আশরাফুল শেখের সঙ্গে সেকেন্দার আলী (৪৫) নামের এক ব্যক্তির বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাত আটটার দিকে আশরাফুল বাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার সময় সেকেন্দারের লোকজন তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। রাত ১০টার দিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হত্যার ঘটনায় সেকেন্দার আলী ও সেন্টু হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাটোর: সিংড়া থানার পুলিশ জানায়, সোমবার সকাল আটটায় চককালিকাপুর গ্রামের স্লুইস গেটের কাছে দুর্বৃত্তরা মোহাম্মদ আলী মোল্লাকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় সিংড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পীরগাছা (রংপুর): পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার আদম তুলশী খামার গ্রামের আশরাফুল আলম (২১) সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাড়িতে এসে দেখেন, তাঁর শোয়ার ঘরের মেঝেতে মলমূত্র। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁর মা-বাবাসহ বাড়ির লোকজনকে গালাগাল করে কোদাল দিয়ে ওই মলমূত্র পরিষ্কার করতে থাকেন। এ সময় বাবা সাখাওয়াত হোসেন রাগান্বিত হয়ে আশরাফুলকে চড় মারেন। সঙ্গে সঙ্গে আশরাফুল কোদাল দিয়ে বাবার মাথা ও পিঠে উপর্যুপরি কোপ মারেন। এতে ঘটনাস্থলেই বাবা সাখাওয়াতের মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকাবাসী আশরাফুলকে আটক করে পুলিশকে খবর দেন।