চার জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
বজ্রপাতে গতকাল শনিবার সুনামগঞ্জে পাঁচজন, জামালপুরের দেওয়ানগঞ্জে তিনজন, শেরপুরের নালিতাবাড়ীতে দুজন ও ময়মনসিংহের ফুলপুরে এক ব্যক্তি মারা গেছেন। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সুনামগঞ্জ ও ধরমপাশা: সুনামগঞ্জে গতকাল বজ্রপাতে চার কৃষকসহ পাঁচজন মারা গেছেন। সকালে খেতে কাজ করার সময় বজ্রপাতে চার কৃষক মারা যান। একই সময় বাড়ির পাশে কাজ করার সময় মারা যান এক নারী। পুলিশ জানায়, গতকাল সকাল থেকে সুনামগঞ্জে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। সকাল নয়টার দিকে খেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উর্দনপুর গ্রামের আবদুল কাদির (১৮), একই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহতাবপুর গ্রামের হরিবক্ত দাস (৪৫), রাজানগর ইউনিয়নের রাজু (৩০), ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের শীবরামপুর গ্রামের আবদুল জলিল (৫০) ও তাহিরপুর উপজেলার কোনাছনা গ্রামের রাশেদা বেগম (৪০)। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বজ্রপাতে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন কৃষক ফুলু মিয়া (৫৫), রুবেল হোসেন (১৬) ও মাসুদ মিয়া (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে মাঠে ধান কাটার সময় ঝড়বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে উপজেলার চর হাতিভাঙ্গা গ্রামে রুবেল হোসেন, নলকারচর গ্রামে মাসুদ মিয়া ও রামপুর গ্রামে ফুলু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ সময় বজ্রপাতে নিহত রুবেলের বাবা আবদুল মজিদ গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাতিভাঙ্গা ইউপির চেয়ারম্যান আবু হানিফ বজ্রপাতে রুবেল হোসেনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। এ ছাড়া দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বজ্রপাতে বাকি দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে মারা গেছেন গাগলাজানী গ্রামের হাবু মিয়ার স্ত্রী বিলকিস বেগম (২৮) ও সমশ্চুড়া গ্রামের নূর হোসেনের মেয়ে মরিয়ম খাতুন (১৩)। মরিয়ম সমশ্চুড়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও এলাকাবাসী জানান, মরিয়ম সকালে বাড়ির উঠানে হাঁটাহাঁটির সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানী গ্রামের গৃহবধূ বিলকিস বেগম সকালে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর নিয়ামতপুর গ্রামে বজ্রপাতে শরাফত আলী (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই উপজেলার বিভিন্ন গ্রামে বজ্রপাতে আরও চারজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর নিয়ামতপুর গ্রামের শরাফত আলী গতকাল দুপুরে বাড়ির পাশের মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই সময় বজ্রপাতে আহত হন গোয়াডাঙ্গা গ্রামের শিরিন আক্তার (১৬), সাহাপুর গ্রামের আবদুল খালেক (২৩), রুবেল মিয়া (২০) ও ছনধারা গ্রামের ইসমত আরা (৪৫)। তাঁদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফুলপুর থানার ওসি মাজাহারুল ইসলাম হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।