চার জেলায় শিবিরের ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের চার জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনায় গতকাল রোববার ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহ্ইয়াসহ আটক শিবিরের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই হরতাল ডাকে সংগঠনটি।
নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর
রাজশাহী: ভোর সাড়ে পাঁচটার দিকে শিবিরের কর্মীরা নগরের হাদির মোড় এলাকায় রাজশাহী-নাটোর সড়কে টায়ার জ্বালিয়ে ও ইট ভেঙে বিক্ষোভ শুরু করেন। ১৫ মিনিট পর তাঁরা চলে যান। খড়খড়ি বাইপাস এলাকায় একটি ট্রাক ভাঙচুরের চেষ্টা চালান শিবিরের কর্মীরা। সকাল ছয়টার দিকে তালাইমারীতেও তাঁরা বিক্ষোভ করেন।
নাটোর: সকাল আটটার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে হরতালের সমর্থকদের মিছিলের সামনে পড়ে গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের দুটি গরু গুরুতর আহত হয়। সকালে আহম্মদপুরে হরতালের সমর্থকেরা দুটি ট্রাক ভাঙচুর করেন। নাটোর শহরের চকরামপুরে সকাল সাতটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করলে পুলিশ এলে তাঁরা পিছু হটেন।
পাবনা: সকাল সাতটার দিকে হরতালের সমর্থকেরা সদর উপজেলার জালালপুর ও পুষ্পপাড়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে টায়ার জালিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে বৃষ্টি শুরু হলে তাঁরা চলে যান। শহরে ছোট যানবাহন চলাচল স্বাভাবিক ও দোকানপাট খোলা ছিল। তবে জেলা শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ: রাজপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেলেও হরতালকারীদের দেখা যায়নি। তবে নিমতলা এলাকায় ছোট একটি মিছিলের খবর পাওয়া গেছে। শহরে দোকানপাট বন্ধ ছিল। ছোট যানবাহন চললেও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি।