চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার কছুন্দি এলাকায় গতকাল বুধবার ভোরে মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। দুমড়েমুচড়ে যাওয়া ওই যান দুটি মহাড়কের ওপর পড়ে থাকায় প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
একই দিন ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি যাত্রীবাহী মিনিবাস একটি মাহেন্দ্রকে (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান) ধাক্কা দিলে একজন নিহত ও আটজন আহত হন। এ ছাড়া বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় এক ভ্যানযাত্রী ও ঝিনাইদহ শহরে ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা: মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওজিয়ার রহমান বলেন, ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে কছুন্দি এলাকায় ঢাকা থেকে খুলনাগামী আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে চালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী মুক্তার হোসেন (৪৫) মারা যান। তিনি ঝিনাইদহের চণ্ডীপুর এলাকার ইউনুচ হোসেনের ছেলে। ওই দুর্ঘটনায় ট্রাকের চালকসহ নয়জন আহত হন। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটিকে সরানোর জন্য কোনো যান্ত্রিক সুবিধা না থাকায় প্রায় চার ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। সকাল সাড়ে আটটার দিকে ওই পথে আসা একটি ক্রেন দিয়ে বাসটি সরিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়। ট্রাকটিতে আনুমানিক ১০ টন মাল থাকায় সেটি সরানো সম্ভব হয়নি।
ফরিদপুর: নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে শরপাশা বাসস্ট্যান্ড এলাকায় একটি মিনিবাস যাত্রীবোঝাই একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দিলে যানটি দুমড়েমুচড়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে মাহেন্দ্রের নয়জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ডাঙ্গি ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুল করিম মাতবর (৭১) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
বাগেরহাট: দুপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কের মোরেলগঞ্জ উপজেলার দাসখালী দারুল উলুম মাদ্রাসার সামনে পৌঁছার পর একটি বাসের সামনের একটি চাকা ফেটে যায়। তখন চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানের এক যাত্রী মারা যান। তাঁর পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত ভ্যানচালককে পিরোজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ: সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, শহরের সরকারি কেসি কলেজের ছাত্রী হোস্টেলের সামনে সকাল নয়টার দিকে তানজিল (৫) খেলা করছিল। এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানজিল হোস্টেল পাড়ার সলেমান আলীর ছেলে।