চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
বরিশালের গৌরনদী, গোপালগঞ্জের মুকসুদপুর, সাতক্ষীরা সদর ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
গোপালগঞ্জ: গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে গোপালগঞ্জগামী ভাস্কর পরিবহনের একটি বাসের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি পাশের মধুমতী নদীর বিলরুট ক্যানেলে পড়ে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, এ সময় স্থানীয় লোকজন ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে করতে ছুটে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজে যোগ দেয়। বাসটি থেকে ৩৫ যাত্রীকে উদ্ধার করা হয়। তবে মেহেদী খালাসী নামের শিশুটিকে গোপালগঞ্জ ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ২৮ যাত্রীকে গোপালগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৈলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গৌরনদী (বরিশাল): গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান চৌধুরী জানান, গতকাল বেলা তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে বরিশালগামী দূরপাল্লার বাস সাকুরা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত ও ১২ জন আহত হন। নিহত দুজন হলেন আল আমিন (৩০) ও সালাউদ্দিন আহম্মেদ (৪০)। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়েছেন।
মাইক্রোবাসের যাত্রী আহত কবির হোসেন জানান, হতাহত ব্যক্তিদের অধিকাংশই পটুয়াখালীর বাউফল ও গলাচিপা উপজেলার বাসিন্দা।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসলেম উদ্দিন খান জানান, আহত ১২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭ মাসের এক শিশুসহ গুরুতর আহত আটজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা: গতকাল বেলা ১১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী তাসলিমা খাতুন (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর স্বামী শরীফুল ইসলাম (৩৩) ও শিশুসন্তান পায়েল (৭)।
এলাকার কয়েকজন জানান, কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের বাসিন্দা ও কলারোয়া পৌরসভার কর্মচারী শরীফুল ইসলাম মোটরসাইকেলে স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। ছয়ঘরিয়া এলাকায় ওষুধ কোম্পানির একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তসলিমা ছিটকে পড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত শরীফুল ও পায়েল কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বোরহানুল ইসলাম জানান, পিকআপটি আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাজাবুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজাবুল আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছিলেন।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা জানান, বেপরোয়া লাটাহাম্বারের চালককে আটক করা হয়েছে।