চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
ময়মনসিংহ সদর, কিশোরগঞ্জের কুলিয়ারচর ও সদর এবং শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ সদরে দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কুতুব উদ্দিন (৬৫), বাজিতপুর উপজেলার তালতলা গ্রামের বিল্লাল হোসেন (২৮) ও সদর উপজেলার চপিলা গ্রামের তোতা মিয়ার ছেলে মোজাম্মেল হক (৫) এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার তারাকান্দি এলাকার মারুক মিয়ার মেয়ে মারিয়া (৩)।
ময়মনসিংহ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ময়মনসিংহ সদর উপজেলার চরপুলিয়ামারী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী কুতুব উদ্দিন মারা যান এবং আরও তিন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই দিকে যানবাহন আটকা পড়ে। এ কারণে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ মজিবুর রহমান ফকিরের গাড়িও আটকা পড়ে। পরে স্থানীয় লোকজন তাঁর (সাংসদ) গাড়িটি ছেড়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভৈরব (কিশোরগঞ্জ): পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে কুলিয়ারচর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ছয়সুতি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী বিল্লাল হোসেন নিহত হন। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম জানান, ময়নাতদন্তের জন্য বিল্লালের লাশ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ: স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সদর উপজেলার রশিদবাদ ইউনিয়নে রচপিলা গ্রামের রাস্তায় মোজাম্মেল হক খেলা করছিল। এ সময় বালুবাহী একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
শেরপুর: পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে তারাকান্দি এলাকার মারুক মিয়ার বাড়ির পাশে অবস্থিত একটি ইটভাটা থেকে মাটিভর্তি একটি ট্রাক্টর শ্রীবরদী পৌর শহরের উদ্দেশে যাত্রা শুরু করে। এ সময় মারিয়া ওই এলাকার রাস্তা পার হতে গেলে ট্রাক্টরটি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন ট্রাক্টরের নিচ থেকে মারিয়ার লাশ উদ্ধার করেন। এ সময় এলাকাবাসী ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যান।