চার জেলায় হরতালে তেমন সাড়া মেলেনি ট্রাকে আগুন, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার জেলায় গতকাল বৃহস্পতিবার শিবিরের ডাকা হরতালে তেমন সাড়া মেলেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটক দুই নেতার মুক্তির দাবিতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা ঢিলেঢালা হরতাল হলেও নাটোরে হরতাল হয়নি। এদিকে কুমিল্লায় ডাকা অর্ধদিবস হরতালে শিবিরের কর্মীরা মাঠে না থাকায় হরতাল হয়নি।

২৪ জুন কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের হামলায় আবদুল আজিজ নামে এক শিবিরকর্মী নিহত হন। একই দিনে ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক তাজাম্মুল আলী ও ছাত্রকল্যাণ সম্পাদক আজিজুর রহমানকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ দুটি ঘটনার প্রতিবাদে এই চারটি জেলায় হরতাল ডাকে ছাত্রশিবির। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:  

রাজশাহী: গতকাল দুপুরে হরতাল সমর্থক পিকেটাররা একটি আমবোঝাই ট্রাকে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে সকালে নগরের লোকনাথ স্কুলের সামনে থেকে একজনকে এবং হেতমখাঁ এলাকার কালচার হাউস নামের একটি মেস থেকে ছয় শিবির-কর্মীকে আটক করে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান বলেন, নাশকতা চেষ্টার আশঙ্কায় ওই সাতজনকে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ: সকালে পাঁচটি ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পিটিআই সংলগ্ন এলাকায় সকাল সোয়া নয়টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। 

নাটোর: নাটোরে হরতালে সাড়া মেলেনি। তবে সকালে পিকেটাররা টায়ারে আগুন দিয়ে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশি বাধায় তা ভণ্ডুল হয়ে যায়। 

 কুমিল্লা: কুমিল্লায় হরতাল ডেকে মাঠে ছিল না ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। নগরের কোথাও পিকেটারদের দেখা মেলেনি। হরতালেও সাড়া মেলেনি।