চার জেলায় ২২৩টি 'গুরুত্বপূর্ণ' কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত পোহালেই ভোটের চূড়ান্ত পর্ব, অর্থাৎ ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচন উপলক্ষে সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করলেও অনেক এলাকায় ‘গুরুত্বপূর্ণ’ ও ‘অতি গুরুত্বপূর্ণ’ ভোটকেন্দ্র থাকায় ভোটার এবং প্রার্থীদের মধ্যে শঙ্কা ও আতঙ্ক রয়েছে। তবে কুমিল্লা, চাঁদপুর, মৌলভীবাজার ও টাঙ্গাইলের পৌরসভাগুলোতে গুরুত্বপূর্ণ কেন্দ্র বেশি থাকায় সেখানে সহিংসতা হওয়ার আশঙ্কাও বেশি রয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: জেলা নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপারের দপ্তর সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার ৬টি পৌরসভায় ৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬টি ‘গুরুত্বপূর্ণ’। এর মধ্যে বরুড়া পৌরসভার ১৬টি, দাউদকান্দির ১৫টি, লাকসাম পৌরসভার ২০টি কেন্দ্রের মধ্যে ১২টি, চান্দিনা পৌরসভার ১৩টি কেন্দ্রের মধ্যে ১১টি, হোমনার ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি ও চৌদ্দগ্রামের ১২টি কেন্দ্রের মধ্যে ৫টি ভোটকেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে লাকসাম পৌরসভার এম এ মালেক ইনস্টিটিউট (রেলওয়ে স্কুল), নশরতপুর ও গাজীমুড়া কেন্দ্র ‘অতি গুরুত্বপূর্ণ’। অন্যদিকে বরুড়া পৌরসভার লতিফপুর, শালুকিয়া, কাসেড্ডা, কসামি, বাগমারা ও বেলভুজ ভোটকেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।
চৌদ্দগ্রাম পৌরসভার ফাল্গুনকরা এলাকার ভোটার নাজমা আক্তার বলেন, ‘যেই জিতুক, ভোটটা সুষ্ঠু হোক। নারীরা ভোট দিতে গিয়ে যেন হয়রানির শিকার না হন। ভয় নিয়ে কেন্দ্রে যেতে চাই না।’
জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, ভোটকেন্দ্রের পরিবেশ সুন্দর ও শান্তিময় রাখার জন্য পুলিশ তৎপর থাকবে।র্যাব-১১ কুমিল্লার কোম্পানির অধিনায়ক মো. খুরশীদ আলম বলেন, প্রতিটি পৌরসভায় আটজন করে র্যাবের দুটি দল থাকবে। জেলার ছয়টি পৌরসভায় ৯৬ জন সদস্য ভোটকেন্দ্রগুলোতে টহল দেবেন।
চাঁদপুর: চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, পাঁচটি পৌরসভায় ৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৪টি ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রসহ সব কটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, পাঁচটি পৌরসভায় ৯৩০ জন পুলিশ সদস্য থাকবেন। এ ছাড়া প্রতি তিন কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী হাকিম ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি করে ভ্রাম্যমাণ দল, প্রতি পৌরসভায় দুই প্লাটুন করে বিজিবি, র্যাব ও পর্যাপ্ত আনসার নিয়োজিত করা হয়েছে।
মৌলভীবাজার: পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ বলি না। গুরুত্বপূর্ণ বলি। এ ক্ষেত্রে ৪১টি কেন্দ্রের মধ্যে ২৮টিকে গুরুত্বপূর্ণ ধরে নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে ফোর্স বেশি থাকবে। তবে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা দেখি না।’
টাঙ্গাইল: জেলার ৮টি পৌরসভায় ১২১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এসব কেন্দ্রের মধ্যে ৭৫টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে গোপালপুর পৌরসভার ১৩টি কেন্দ্রের সব কটিতেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্র জানায়, এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল পৌরসভায় ৩৯টি কেন্দ্রের মধ্যে ২১টি ঝুঁকিপূর্ণ। মধুপুর পৌরসভায় ১৭টি কেন্দ্রের মধ্যে ৯টি, ধনবাড়ী পৌরসভায় ১৩টি কেন্দ্রের মধ্যে ৯টি, ভূঞাপুর পৌরসভায় ১০টি কেন্দ্রের মধ্যে ৮টি, কালিহাতী পৌরসভায় ১০টি কেন্দ্রের মধ্যে ৭টি, মির্জাপুর পৌরসভায় ১০টি কেন্দ্রের মধ্যে ৩টি এবং সখীপুর পৌরসভায় ৯টি কেন্দ্রের মধ্যে ৫টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।