চার জেলায় ৭০ গ্রামে আজ ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
edi-logo
edi-logo

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বৃহস্পতিবার বাংলাদেশের চাঁদপুর, পটুয়াখালী, পিরোজপুর ও নারায়ণগঞ্জের প্রায় ৭০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

এসব জেলা থেকে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

চাঁদপুর: চাঁদপুরের ৪০টি গ্রামে প্রায় ৫০ হাজার মুসলমান আজ ঈদুল ফিতর উদযাপন করছেন। এসব গ্রামের হাটবাজার ও ঈদগাহ বিভিন্ন সাজে সাজানো হয়েছে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম মাওলানা ইসহাক খানের চতুর্থ ছেলে মাওলানা জাকারিয়া আল মাদানী এক দিন আগে ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর বাবা মরহুম মাওলানা ইসহাক খান বিশ্বের অন্য কোথাও চাঁদ উঠেছে শুনে ১৯৩১ সালে প্রথম হাজীগঞ্জের সাদ্রা গ্রামে এ রীতি চালু করেন। এর পর থেকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ গ্রামে, ফরিদগঞ্জ উপজেলার ২২ গ্রামে ও মতলব উত্তর উপজেলার সাতটি গ্রামের প্রায় অর্ধ লাখ মুসলিম এ নীতি অনুসরণ করে চলেছেন। তাঁরা বুধবার রাত সাড়ে ১০টায় সৌদি আরবসহ বিভিন্ন জায়গায় ঈদ হবে শুনে চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেন।

পটুয়াখালী: প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২টি গ্রামের পাঁচ সহস্রাধিক পরিবার আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। সকাল সাড়ে নয়টায় পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরিফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

সকাল থেকে নতুন পোশাক পরে শিশু-কিশোরসহ ওই ২২ গ্রামের পুরুষেরা ঈদের নামাজ আদায় করতে ঈদগাহ মাঠে সমবেত হতে থাকেন। ঈদের নামাজে ইমামতি করেছেন দরবার শরিফের ছোট পীরজাদা আলহাজ সাইয়েদ মুহাম্মদ নাসির বিল্লাহ রব্বানী। নামাজ শেষে দেশ ও জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামের পাঁচ শতাধিক পরিবার আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। সকাল নয়টায় সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খোন্দকারবাড়ি ও সাড়ে নয়টায় কচুবাড়িয়া গ্রামের হাজি ওয়াহেদ আলী হাওলাদারবাড়িতে ঈদের দুটি জামাত হয়। এতে ইমামতি করেন মুন্সী শাহ আলম ও মৌলভী হায়দার আলী ।

সুরেশ্বর পীরের অনুসারী কচুবাড়িয়া গ্রামের সাবেক ইউয়নিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফরহাদ হোসেন প্রথম আলো ডটকম বলেন, ‘আমরা ১০ জুলাই শুক্রবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রেখেছি এবং আজ সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপন করছি।’

নারায়ণগঞ্জ: ফতুল্লার লামাপাড়ায়ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হচ্ছে। হজরত শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা আজ ঈদ উদযাপন করছেন। প্রতিবছরের মতো এবারও ঈদের জামাতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে দুই শতাধিক মুসল্লি অংশ নেন। ঈদের জামাতের ইমামতি করেন হজরত শাহ সুফি মমতাজিয়া মাদ্রাসার মুফতি মাওলানা আনোয়ার হোসেন।