চার জেলার বন্যার্ত মানুষ পেল ত্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার যমুনার দুর্গম পাঁচটি চরের ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নের চকরতিনাথ চর থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার যমুনার দুর্গম পাঁচটি চরের ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নের চকরতিনাথ চর থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

জামালপুরের ইসলামপুরে গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয় থেমে থেমে বৃষ্টি। এর মধ্যেই প্রথম আলো বন্ধুসভার সদস্যরা ত্রাণসামগ্রীবাহী গাড়ি নিয়ে ছুটেছেন বন্যাদুর্গত এ উপজেলার গ্রামে গ্রামে। ত্রাণ তুলে দেন ৩৭০ পরিবারের সদস্যদের হাতে।

বন্যার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টের ত্রাণসামগ্রী নিয়ে গতকাল আরও তিনটি জেলা কুড়িগ্রাম, মৌলভীবাজার ও বগুড়ায় ছুটে যান বন্ধুসভার সদস্যরা।

জামালপুরের ইসলামপুরে ৭০ হাজার মানুষ টানা ১২ দিন পানিবন্দী ছিলেন। গতকাল সকালে প্রথমে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া ১৫০ পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। এরপর দুপুর পর্যন্ত ইউনিয়নের হারগিলা, রামভ্রদা, কাশাড়ীডুবা, কড়ইতার, নতুনপাড়া, কাঠমা, নয়াপাড়া, সুনামুখী এবং সাপধরী ইউনিয়নের কাটাপুর, বিষখালী, কাশাড়ীডুবা গ্রামে ত্রাণ দেওয়া হয় ২২০ পরিবারকে। প্রতি পরিবারকে ত্রাণ হিসেবে দেওয়া হয়েছে তিন কেজি চাল, এক কেজি করে চিড়া, গুড়, আলু ও খাবার লবণ।

ত্রাণ পেয়ে বিষখালী গ্রামের বৃদ্ধা ময়না বেগম বলেন, ‘একদিন ত্রাণ পাইছিলাম। ওই দিয়া কি চলে। এরপর কেউ আর কোনো খুঁজখবর লইনাই। শুনতে পাইলুম আপনারা ত্রাণ দিবেন। তাই বিয়ান বেলাই ছুইটা আছি। ভালোই পায়লাম। কয়েক দিন চলব।’

কুড়িগ্রামে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চর শৌলমারী ও বন্দবের ইউনিয়নের দেড় শতাধিক পরিবারকে গতকাল সকালে ত্রাণ দেওয়া হয়। এ ছাড়া দেড় শ শিশুকে বিস্কুটের প্যাকেট দেওয়া হয়। ত্রাণ নিতে লাঠিতে ভর করে ছুটে এসেছিলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের কুলসুমা বিবি (৭৫)। ত্রাণ পেয়ে বলছিলেন, ‘প্রথম আলো বাঁচিয়া থাকউক। তারা আমারে খুঁজি আনি রিলিফ দিছে।’

গতকাল জুড়ীর বিভিন্ন এলাকার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা সদরের জুড়ী মডেল উচ্চবিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, উপজেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার যমুনার দুর্গম পাঁচটি চরের বসতবাড়িহারা ও বানভাসি ৩০০ পরিবারের হাতে ত্রাণ হিসেবে গতকাল পাঁচ কেজি করে চাল, এক কেজি মশুর ডাল, এক কেজি লবণ, আধা লিটার সয়াবিন তেল ও খাবার স্যালাইন তুলে দেওয়া হয়েছে।

{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কুড়িগ্রাম অফিস; জামালপুর, বগুড়া ও জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি}