চার জেলার শীতার্ত ৩১১ জন পেলেন কম্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেওয়া কম্বল নিয়ে ফিরে যাচ্ছেন ঠাকুরগাঁও সদরের সিঙ্গিয়া গ্রামের দরিদ্র শীতার্ত ব্যক্তিরা l ছবি: মজিবর রহমান খান
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেওয়া কম্বল নিয়ে ফিরে যাচ্ছেন ঠাকুরগাঁও সদরের সিঙ্গিয়া গ্রামের দরিদ্র শীতার্ত ব্যক্তিরা l ছবি: মজিবর রহমান খান

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে চার জেলায় শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বগুড়া, ঠাকুরগাঁও ও রংপুরের বদরগঞ্জে গতকাল মঙ্গলবার এবং ফরিদপুরে গত সোমবার রাতে এসব কম্বল বিতরণ করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
ঠাকুরগাঁও ও বদরগঞ্জে এক্সিম ব্যাংক, বগুড়ায় অনলাইন সাইট এখানেই ডটকম এবং ফরিদপুরে ঢাকা ব্যাংকের সহায়তায় ৩১১টি কম্বল শীতার্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।
বগুড়া প্রতিনিধি জানান, সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নের যমুনা নদীর চর খাটিয়ামারি এলাকায় কম্বল পেয়েছেন ১০০ ব্যক্তি। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর বগুড়া অফিসের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক জাকির হোসাইন, আলোকচিত্রী সোয়েল রানা, বন্ধুসভার সাধারণ সম্পাদক নাঈম হাসান, সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক ইমরান শামিম প্রমুখ।
কম্বল পেয়ে খাটিয়ামারি চরের ছইতন বেওয়া (৭৫) বলেন, ‘শীতত খুব কষ্ট পাচ্চি। কম্বলডা গাওত দিয়ে আরামে নিন (ঘুম) পারবার পারমো।’
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার পাঁচটি গ্রাম ও পৌরসভার বিভিন্ন এলাকার ১০০ শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সিঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে তাঁদের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। কম্বল বিতরণে অংশ নেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসিনা বেগম, প্রধান শিক্ষক ফারহানা সুলতানা, সহকারী শিক্ষক রোজিনা আকতার, ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর জেলা প্রতিনিধি মো. কামরুল ইসলাম প্রমুখ। কম্বল হাতে পেয়ে বুধানী বেওয়া (৬১) বলেন, ‘শীতে আইতের বেলা (রাতে) মোর নিন আসে না। তোমরা মোক বাঁচালেন, বাবা।’
ফরিদপুর অফিস জানায়, শহরের বিভিন্ন সড়কের পাশে খোলা জায়গায় রাত কাটানো ১১ শীতার্ত লোকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার রাতে শহরের ভাঙা রাস্তার মোড়, পুরোনো বাসস্ট্যান্ড ও মহিম ইনস্টিটিউশন এলাকায় এসব কম্বল দেওয়া হয়। ফরিদপুর বন্ধুসভার সভাপতি রুমানুল বাসার সরদার বলেন, ‘তীব্র শীতে বিভিন্ন সড়কের পাশে দিনমজুর, ভিক্ষুকসহ বিভিন্ন লোক রাত কাটান। তাঁদের অজান্তে আমরা তাঁদের শরীর কম্বল দিয়ে ঢেকে দিই।’
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বিকেলে ১০০ শীতার্ত লোকের হাতে কম্বল তুলে দেন বন্ধুসভার সদস্যরা। এর আগে তাঁরা উপজেলার বিভিন্ন স্থান ঘুরে অসহায় দুস্থ ব্যক্তিদের খুঁজে বের করেন।
বদরগঞ্জ পৌরসভার ভাটিয়াপাড়া গ্রামের কছিরন বেগম (৮৫) কম্বল হাতে পেয়ে বলেন, ‘তোরা এত ভালো মানুষ। কম্বল বাড়িত আসিয়া দেনেন।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম শাহ্, প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন ও বন্ধুসভার সদস্যরা।