চার জেলার সাত বাড়িতে ডাকাতি, আহত ১০
মানিকগঞ্জ সদর, ঢাকার সাভার, গাজীপুরের কালিয়াকৈর ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাত বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডাকাতেরা স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকা লুটে নেয়। এ সময় ডাকাতদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:মানিকগঞ্জ: সদর উপজেলার উত্তর চৈল্যা ও ঢাকার সাভারের গেন্ডা গ্রামের পাঁচ বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ২০ থেকে ৩০ জন মুখোশধারী ডাকাত উত্তর চৈল্যা গ্রামের অলি মৃধার বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের জানালা ভেঙে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুটে নিয়ে যায়। অলি মৃধার মেয়ে ফরিদা ইয়াসমিন জানান, ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মা মনোয়ারা বেগম ও মামা আবদুর রাজ্জাক আহত হন।পরে ডাকাত দল একই এলাকার মো. খলিল, মো. করিম ও নুরু মিয়ার বাড়িতে ডাকাতি করে। খলিল জানান, ডাকাতেরা তাঁর বাড়িতে ঢুকে স্ত্রী জমেলা বেগম ও তাঁকে মারধর করে জিনিসপত্র লুট করে। করিম জানান, ডাকাতেরা তাঁর ঘরে ছেলে আলমাসকে বেঁধে রেখে লুটপাট চালায়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এদিকে গতকাল বুধবার ভোরে সাভারের গেন্ডা এলাকার আবদুর রশিদ খানের বাসার মূল ফটকের তালা ভেঙে ডাকাতেরা ভেতরে ঢোকে। এ সময় বাড়ির লোকজনকে জিম্মি করে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উল্যাহ বলেন, ‘ডাকাতি নয়, চুরি হয়েছে। তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’ কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় সাইদুর রহমানের বাড়িতে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে ডাকাতি হয়েছে। পারিবারিক সূত্র জানায়, ১৪-১৫ জন ডাকাত বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। তারা স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকা লুট করে। বাধা দিতে গেলে ডাকাতদের হামলায় মালেক মোল্লা, সাইদুর রহমান, নুরতাজ বেগমসহ কমপক্ষে পাঁচজন আহত হন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার ছোট ফাউসা এলাকায় প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে গতকাল বুধবার ভোরে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় শফিকুলের মা আলিমুনন্নেছা (৮৫) গুরুতর আহত হন। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। এতে দুজন নারী ডাকাতও অংশ নেয় বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’