চার জেলার ১০ ইউনিয়নের নির্বাচন তিন মাস স্থগিত
চার জেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১০টি ইউনিয়ন পরিষদ হলো—চাঁদপুরের চর ভৈরবী, হাইমচর, নীলকমল, উত্তর আলগি, দক্ষিণ আলগি ও গাজীপুর। বরিশালের হিজলা গৌরবদী, শরীয়তপুরের কুচাইপট্টি ও আলাউলপুর (গরিবের চর) ও চট্টগ্রামের সাতকানিয়া। আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ, মির্জা সালাহউদ্দিন আহম্মেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা মামলা পরিচালনা করেন। মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ১০টি ইউনিয়নের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। জানা যায়, নদী ভাঙনের কারণে এসব ইউনিয়নের সীমানা পুনর্নির্ধারণের নির্দেশনা চেয়ে গত ১২ এপ্রিল সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু এর জবাব না পাওয়ায় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় প্রতিনিধিরা পৃথকভাবে পাঁচটি রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট গত ১৮ এপ্রিল সীমানা পুনর্নির্ধারণ প্রশ্নে রুল জারি করেন। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ফলে স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়। এর মধ্যে চাঁদপুরের ইউনিয়নগুলোতে ৩১ মে, বরিশালের হিজলা গৌরবদীতে ও শরীয়তপুরের নির্ধারিত দুটি ইউনিয়নে ১২ জুন এবং সাতকানিয়ায় ২ জুন নির্বাচন হওয়ার কথা।