চার জেলায় অভিযোগ গঠন ও সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরে বিদ্রোহের মামলায় নওগাঁয় ৪৩ রাইফেল ব্যাটালিয়নের ২৫ জন সদস্যের বিরুদ্ধে এবং কুষ্টিয়া সেক্টরের অধীন চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ জন সদস্যের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার অভিযোগ গঠন এবং সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।এ ছাড়া দিনাজপুরের ফুলবাড়ীতে ৪০ রাইফেল ব্যাটালিয়ন এবং রাঙামাটির ছোট হরিণায় ১৮ রাইফেল ব্যাটালিয়নে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলে।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নওগাঁ: ৪৩ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২-তে মামলার প্রসিকিউটর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলুল হক ব্যাটেলিয়নের ২৫ জন সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর তিনি অভিযোগ গঠনের আবেদন করেন। পরে আদালতের সভাপতি আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান এবং তাঁরা দোষী কি না জানতে চান। এ সময় নায়েক সুবেদার আতিয়ার রহমান, সেপাই সহকারী মুন্সি নাজমুল হক, সেপাই আলীম আল কোয়াব সিকদার, ফয়েজ আহমেদ, রেজাউল করিম ও রমিউজ্জামান দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা চান। অন্যরা নিজেদের নির্দোষ দাবি করেন। বিরতির পর বিকেল তিনটায় আদালতের কার্যক্রম শুরু হলে আদালত ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। নির্দোষ দাবি করা আসামিরা সাক্ষীদের জেরা করেন। আদালত আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি কারা হয়েছে। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান।দিনাজপুর: বিদ্রোহের মামলায় ফুলবাড়ীতে ৪০ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জন আসামির বিরুদ্ধে সকাল ১০টা থেকে ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১৩-তে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত মামলার ৩৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযুক্ত ২৩ জন আসামির মধ্যে দুজন জেসিও (জুনিয়র কমিশন অফিসার), ছয়জন হাবিলদার, দুজন নায়েক, দুজন ল্যান্স নায়েক ও ১১ জন সেপাই। আদালতের সভাপতিত্ব করেন বিডিআর দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল সালেহ আহমাদ। তাঁকে সহযোগিতা করেন লেফটেন্যান্ট কর্নেল মো. মাহফুজ আলম, মেজর দীদার-আল-লতিফ ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি শ্রী বিশ্বজিৎ রায়। আজ বুধবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে।রাঙামাটি: বিডিআর রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে ছোট হরিণার ১৮ রাইফেল ব্যাটেলিয়নের ২৩ জন আসামির বিরুদ্ধে আরও ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এর আগে গত সোমবার পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়। আদালত সকাল নয়টায় শুরু হয়ে মাঝে তিনবার বিরতিসহ বিকেল পাঁচটা পর্যন্ত চলে। এ পর্যন্ত একজন কর্মকর্তা ও বিভিন্ন পদবির ১৪ জন বিডিআর সদস্যের সাক্ষ্য নেওয়া হয়েছে। আদালত আজ বুধবার সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। আদালতে সভাপতিত্ব করেন বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল মো. জাহেদুর রহমান।কুষ্টিয়া: সকাল আটটায় কুষ্টিয়া সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৭ তে ওই সেক্টরের অধীন চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ জন সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ। এরপর তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। আদালতের সভাপতি কুষ্টিয়া সেক্টরের অধিনায়ক কর্নেল নজরুল ইসলাম সরকার আবার আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান এবং আসামিদের কাছে দোষী না নির্দোষ জানতে চান। এ সময় পাঁচ আসামি নিজেদের দোষ স্বীকার করেন। পরে আদালতের সভাপতি আসামিদের অভিযোগ গঠনের ঘোষণা দেন। সকাল সাড়ে ১০টার দিকে একই আদালতে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় আবার আদালতের কার্যক্রম শুরু হবে। আজ বুধবার একই আদালতে ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন ও সাক্ষ্য গ্রহণ করা হবে।