চার জেলায় আরও ৫৯৭ কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুরের জিমনাল গ্রামের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় । ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুরের জিমনাল গ্রামের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় । ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে গত রোববার রাতে ও গতকাল সোমবার লালমনিরহাটের পাটগ্রাম, রাজশাহীর বাঘা, ঠাকুরগাঁও সদর উপজেলা ও দিনাজপুরে শীতার্তদের মাঝে ৫৯৭টি কম্বল বিতরণ করা হয়েছে। বন্ধুসভার সদস্যদের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বন্ধুসভার সদস্যরা উপজেলার ১৫টি গ্রামে ১৩০টি কম্বল বিতরণ করেছেন। কম্বল পেয়ে উপজেলার গাটিয়াভিটা গ্রামের শতবর্ষী অফুরন বেওয়া আনন্দে কেঁদে ফেলেন। চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, ‘আগোত হামার জমিজমা মেলা আছলো। কিন্তুক অ্যালা কিছুই নাই। অভাবে জারের কাপড় কিনবারও পাই ন্যা। ফির শরমে কারোটে কিচু চাবারও পাই ন্যা। তোমরা কম্বল দিয়া মোর জারের কষ্ট দূর করনেন।’
জিমনাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুনায়েত হাসান বলেন, ‘প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, দেশের আনাচে-কানাচের বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করেই তা প্রকাশ করে থাকে। এর বাইরে সমাজের দায়িত্ব পালন করে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।’
রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা-আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৭টি শিশুর মধ্যে গতকাল সোমবার সকালে কম্বল বিতরণ করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল ইসলাম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বোয়ালিয়া পাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, রাধাকান্তপুর হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বজলুর রহমান, দিঘা কলেজের শিক্ষক গোলাম তোফাজ্জল কবির এবং রাজশাহী বন্ধুসভার সদস্যরা।
ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার গড়েয়া গোপালপুর, সিংগিয়া কামাতপাড়া, আবাজী চণ্ডীপুর, লস্করা, মধুপুর ও কুড়ালীপাড়া গ্রামের ১৯০ জন গতকাল সোমবার কম্বল পেয়েছেন। এর আগে ঢাকা ও ঠাকুরগাঁও বন্ধুসভার সদস্যরা উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করেন।
দিনাজপুর চেহেলগাজী ইউনিয়নের কর্নাই গ্রামে নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবারগুলোর মাঝে ১৫০টি কম্বল এবং ৩০০ শিশুকে জ্যাকেট দেওয়া হয়েছে। স্কুলশিক্ষিকা মিতালী ব্যানার্জি, বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য কালি বিলাস রায়সহ বন্ধুসভার সভাপতি অমিতাভ পাল, সাধারণ সম্পাদক মো. আলীসহ বন্ধুসভার সদস্যরা এসব শীতবস্ত্র তুলে দেন।