চার জেলায় আহত ৩৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গতকাল সোমবার ভোর ৫টা ৭ মিনিটে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ সময় সিলেটে দেয়াল ধস এবং আতঙ্কে শিশুসহ ৩১ জন আহত হয়। মৌলভীবাজার সদর ও রাজনগর, সুনামগঞ্জের ধরমপাশা ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভূমিকম্পের সময় আতঙ্কে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হতে গিয়ে সাতজন আহত হয়েছে। কুমিল্লা, চাঁদপুর ও শেরপুরে লোকজন ভয়ে ঘরের বাইরে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: ভূমিকম্পে সিলেট নগরের কানিজ প্লাজা নামের একটি বহুতল বিপণিবিতানের দেয়াল ধসে টিনশেডের বাসায় গিয়ে পড়ে। এতে ওই বাসার বাসিন্দা ব্যবসায়ী মো. ফরিদুল ইসলাম (৪২) ও তাঁর স্ত্রী শিল্পী বেগম (৩০) এবং ব্যবসায়ী সাজিদুল ইসলাম (৩৮), তাঁর স্ত্রী রোকসানা বেগম (২০) ও তাঁদের ১৫ মাসের শিশুসন্তান হাবিবা আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এঁদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ছাড়া ভূমিকম্পে হুড়োহুড়ি করতে গিয়ে আহত হয়েছেন ৩১ জন। এর মধ্যে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেটের ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের দেওয়া তথ্যমতে, নগরে একটি বিপণিবিতানের দেয়ালধস ছাড়াও ভূমিকম্পে নগরের ১২টি বাসা, সিলেটের এমএজি ওসমানী হাসপাতালের সিঁড়ি ও জানালায় ফাটল দেখা দিয়েছে। হাসপাতালের চতুর্থ ও পঞ্চম তলার মধ্যবর্তী সিঁড়ির স্থানে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি ২১ নম্বর ওয়ার্ডে কিছু জানালার কাচ ভেঙেছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুস ছবুর মিঞা জানান, হাসপাতালের ফাটল দেখা দেওয়া স্থানটি তাৎক্ষণিকভাবে প্রকৌশলীদের দেখানো হয়েছে। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আতঙ্কের কথা বর্ণনা করা হয়েছে। নগরের ভাতালিয়া এলাকার বাসিন্দা সরকারি চাকরিজীবী রীমা দাস বলেন, ‘এর আগে এত ভয় হয়নি। দীর্ঘ সময় ধরে শব্দ করে ঝাঁকুনি অনুভূত হওয়ায় ভয়টাও বেশি ছিল।’
ভারতের করিমগঞ্জ ও বাংলাদেশের সিলেটের জকিগঞ্জকে দুই ভাগে বিভক্ত করা নদী কুশিয়ারার তীরে ভূমিকম্পের পর ভাঙন দেখা গেছে। ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত কুশিয়ারা নদীতীরের জকিগঞ্জের কাস্টমঘাট এলাকার অংশের এক খণ্ড ভূমি দেবে গিয়ে নদীতে বিলীন হয়ে যায়। কাস্টমঘাট এলাকার বাসিন্দারা জানান, ভূমিকম্পের পরপরই সেখানে ভাঙন শুরু হয়।
মৌলভীবাজার: মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভূমিকম্পের সময় মৌলভীবাজার শহরের সুলতানপুর এলাকায় মিতালী পাল (৩০) নামে একজন হুড়োহুড়ি করে ঘর থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন। তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া রাজনগর উপজেলার টেংরা বাজার এলাকায় বাসা থেকে দ্রুত বের হওয়ার হওয়ার সময় পূবালী ব্যাংক টেংরাবাজার শাখার কর্মকর্তা আনোয়ার শাহাদাত (৩২), দক্ষিণ খারপাড়া গ্রামের কুসুম বেগম (২৮), খারপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী রুসিয়া বেগম (৩৫) এবং পাঠানটুলা গ্রামের চেরাগ উদ্দীনও আহত হন। পরে তাঁদেরকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ধরমপাশা (সুনামগঞ্জ): ধরমপাশা উপজেলায় মোস্তাফিজুর রহমান (৩২)নামের এক সরকারি কর্মকর্তা ভূমিকম্পের সময় দ্রুত ঘর থেকে বের হতে গিয়ে রাস্তায় পড়ে আহত হয়েছেন। তিনি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে উপসহকারী কর্মকর্তা। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলার শমশেরনগর এলাকায়। তিনি ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের প্রবাসী মঞ্জুরুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৩৫) ঘর থেকে দৌড়ে বাইরে আসার সময় পড়ে গিয়ে আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর ডান পা ভেঙে গেছে।
কুমিল্লা: প্রচণ্ড ভূমিকম্পে কুমিল্লায় ঘর থেকে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। তীব্র ঝাঁকুনি খেয়ে আতঙ্কে তাঁরা বাইরে আসেন।
চাঁদপুর: ভূমিকম্প অনুভূত হওয়ায় লোকজন সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে ঘর থেকে বের হয়ে যায়। চাঁদপুর শহরের ট্রাকরোডের বাসিন্দা মাসুদ আলম জানান, ভূমিকম্পের সময় চাঁদপুরের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যায়। এরপর বিদ্যুৎও চলে যায়। চাঁদপুর বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, ভূমিকম্পের কারণে বিদ্যুৎ কেন্দ্রে ত্রুটি দেখা দেয়।
শেরপুর: আতঙ্কে অনেকেই ঘর থেকে রাস্তায় নেমে আসেন। মুসলিম সম্প্রদায়ের মানুষজন সৃষ্টিকর্তার নামে দোয়া-দরুদ এবং হিন্দু সম্প্রদায়ের নারীরা উলুধ্বনি দেন।