
সাম্প্রদায়িক সহিংসতা এবং দশম সংসদ নির্বাচন-পরবর্তী হামলায় ক্ষতিগ্রস্ত চারটি জেলায় প্রায় সাড়ে বারো শ মানুষকে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসব শীতবস্ত্র বিতরণে সহায়তা করেন বন্ধুসভার সদস্যরা।
সাতক্ষীরা, যশোর, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় গত দুই দিনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি, ইন্দিরা, নারানজোল, শিয়ালডাঙ্গা, গোদাঘাটা, তালতলা, মাধবকাটি, মোহনপুর, বলাডাঙ্গা, ছয়ঘরিয়া, ব্যাংকদাহ ও দেবহাটা উপজেলার দেবীশহর এলাকায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ১০০ কম্বল বিতরণ করা হয়। গত মঙ্গলবার ও গতকাল বুধবার বন্ধুসভার সদস্যরা কোথাও এক স্থানে ডেকে আবার কোথাও ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে এসব কম্বল পৌঁছে দেন।
প্রথম আলো ট্রাস্টের কম্বল হাতে নিয়ে আগরদাঁড়ি গ্রামের মিলন সরকার বলেন, ‘কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার রাতেই বাড়ির জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হলো। পরে আগুন দিয়ে পুড়িয়ে দিল বাড়ি। এখন নিঃস্ব। কেউ দেখতে আসেনি। কম্বল নিতে লজ্জা করছে, কিন্তু উপায় নেই।’
যশোরের অভয়নগর বন্ধুসভার সদস্যরা গত মঙ্গলবার মালোপাড়ার ২০০ নারী-পুরুষকে কম্বল এবং ১০০ শিশুকে শীতবস্ত্র দেন। ৫ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচনোত্তর সাম্প্রদায়িক সহিংসতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মালোপাড়া। শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পাড়ার কয়েক শ মানুষ ভৈরব নদ পার হয়ে পার্শ্ববর্তী দেয়াপাড়া গ্রামে আশ্রয় নেয়। কম্বল পেয়ে প্রণামের ভঙ্গিতে দুই হাত ওপরে তুলে স্থানীয় বিধবা নারী যশোদা সরকার (৪৫) বলেন, ‘তোমাদের মঙ্গল হোক।’
কেশবপুরের সাগরদত্তকাঠি গ্রামে গতকাল বুধবার এসএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাগরদত্তকাঠি গ্রামের ১০০ মানুষের হাতে কম্বল তুলে দেন প্রধান শিক্ষক আবদুল হামিদ। মূলগ্রাম ক্ষত্রীয়পাড়ায় ১০০ জনকে কম্বল বিতরণ করেন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীন ইসলাম।
ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার গড়েয়া গোপালপুর, সিংগিয়া কামাতপাড়া, আবাজী চণ্ডীপুর, লস্করা, মধুপুর ও কুড়ালীপাড়া গ্রামের ১৯০ জনকে কম্বল দেওয়া হয়। ঢাকা ও ঠাকুরগাঁও বন্ধুসভার সদস্যরা এর আগে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেন।
দিনাজপুরের চেহেলগাজী ইউনিয়নের কর্নাই গ্রামে নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে ১৫০টি কম্বল এবং ৩০০ শিশুকে জ্যাকেট দেওয়া হয়। স্কুলশিক্ষিকা মিতালী ব্যানার্জি, বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য কালিবিলাস রায়সহ বন্ধুসভার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।