চার জেলায় গ্রেপ্তার ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলায় অভিযান চালিয়ে জামায়াতের ২২ নেতা-কর্মী ও বিএনপির এক নেতাসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই চার জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।
ঢাকার বাইরে থেকে প্রথম আলোর প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার একটি নৈশবিদ্যালয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে জামায়াতের ২১ কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে ওই নৈশবিদ্যালয়ে অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় আধা কেজি গানপাউডার, ৩০টি ককটেলসহ জামায়াতের ২১ কর্মীকে আটক করা হয়। গতকাল বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করার পর আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
নীলফামারী: জেলার বিভিন্ন স্থানে সোমবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক ১২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম সূত্র বলেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতিসহ সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও দেওয়া হয়েছে।
নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুল্লাহিল জামান বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেলালকে আটক করা হয়। গতকাল নাশকতার মামলা করার পর পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনকে তাঁর বাড়ি থেকে গতকাল বিকেলে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, রেজাউলের বিরুদ্ধে নাশকতার দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।