চার জেলায় চার হাজার ঘরবাড়ি ও স্কুলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট ও রংপুরে গত মঙ্গলবার রাতে কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এসেছে। এসব জেলায় অন্তত চার হাজার ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অসংখ্য গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎবিহীন রয়েছে বিভিন্ন এলাকা। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে উঠতি ফসল।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: ডোমার উপজেলার ভোগডাবুরী, কেতকীবাড়ি ও গোমনাতি ইউনিয়নের ওপর দিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে ঝড় বয়ে যায়। এতে সহস্রাধিক পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ভেঙে পড়ে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি। শিলাবৃষ্টিতে নষ্ট হয় উঠতি বোরো ধান ও পাটখেত।
ডোমার উপজেলার পিআইও মশিয়ার রহমান বলেন, ঝড়ে ওই তিন ইউনিয়নে প্রায় ১ হাজার ৩০০ পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর এসেছে।
পঞ্চগড়: সদর উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে গত মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ঝড় বয়ে যায়। এতে ধাক্কামারা, বোদাপাড়া, লাঠুয়াপাড়া, চানপাড়া, শিংপাড়া, তালমা, ঝাকুয়াকালী, ডুডুমারী, উত্তর জালাসী, চাকলা, নতুন চাকলা, ডোলোপাড়া, সিংরোড, হাফিজাবাদসহ প্রায় অর্ধশত গ্রামের সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়ে। এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।
পঞ্চগড় বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী আহসানুল কবির বলেন, গতকাল ভোর থেকে তাঁরা কাজ শুরু করেছেন। তবে ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে দুদিন লাগবে।
পাটগ্রাম (লালমনিরহাট): গত মঙ্গলবার সন্ধ্যা এবং রাত নয়টার দিকে দুই দফা শিলাবৃষ্টি ও ঝড়ে পাটগ্রাম পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নের পাঁচ শতাধিক ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে।
পাটগ্রামের ইউএনও নূর-কুতুবুল আলম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।
বদরগঞ্জ (রংপুর): মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ১০টি ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে বিভিন্ন স্থানে সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি, দুটি মাদ্রাসাসহ অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। অন্তত ১৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ে ধান, ভুট্টা, আম, লিচুসহ বিভিন্ন ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে।