চার জেলায় চারজন খুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গতকাল বুধবার ববিতা (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন সিরাজগঞ্জের বেলকুচিতে হাত-পা বাঁধা অবস্থায় হবিবর রহমান (৬০) ও গাইবান্ধার সুন্দরগঞ্জে রহিমা বেগমের (৭৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তাঁদের হত্যা করা হয়েছে।
এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত মঙ্গলবার বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: বেলা ১১টার দিকে শিবগঞ্জের পোড়াগঞ্জ গ্রামে ববিতাকে হাত বাঁধা অবস্থায় তাঁর ঘরে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ববিতার স্বামী রুবেল আহমেদ (২২) পলাতক রয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তাঁর শাশুড়ি নাজিরা বেগম ও ননদ নাসরিন বেগমকে আটক করেছে।
ববিতার বাবা শরিফুল ইসলাম জানান, মেয়েজামাইকে তিনি একটি সাইকেল কিনে দিতে না পারায় রুবেল ও তাঁর পরিবারের লোকজন ববিতাকে খুন করেছেন। থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর লাশ ঝুঁলিয়ে রাখা হয়েছে।
সিরাজগঞ্জ: বেলকুচির দৌলতপুর নারামুড়ী গ্রামের হবিবর গত মঙ্গলবার ইফতারের আগে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে এলাকাবাসী নিহতের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দৌলতপুর গ্রামের মাঠে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। পরে নিহতের স্বজনেরা এসে শনাক্ত করেন যে ওই লাশ হবিবরের।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, ধারণা করা হচ্ছে, গত মঙ্গলবার রাতে কে বা কারা তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের ছেলে ছমিরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
গাইবান্ধা: স্থানীয় লোকজন সকালে সুন্দরগঞ্জের কদমতলি-বাছহাটি গ্রামের একটি খালে রহিমার লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। রহিমা উপজেলার রামজীবন ইউনিয়নের সূবর্ণদহ গ্রামের ভাদু শেখের স্ত্রী ছিলেন।
থানার ওসি মোজাম্মেল হক জানান, শত্রুতার জের ধরে তাঁকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ভামদা গ্রামের মো. শাহজাহান (১৭) তাঁর ছোট ভাই আবু সাঈদকে (১৪) শাসন করতে গিয়ে লাঠি দিয়ে তার মাথায় ও ঘাড়ের পেছনে আঘাত করে। সাঈদ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। ওই অবস্থায় তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় দুপুরে তাকে দিনাজপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখান থেকে বেলা তিনটার দিকে রংপুর মেডিকেলে নেওয়ার পথে সাঈদের মৃত্যু হয়। সাঈদ ভামদা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। সাঈদ ও শাহজাহান ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আবদুল ওয়াহেদ বলেন, গতকাল সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।