চার জেলায় চারজনের হাত-পায়ের রগ কর্তন
দিনাজপুরে যুবলীগ নেতার, রংপুরে অটোরিকশা চালকের ও নাটোরে যুবলীগ কর্মীর ডান হাতের রগ এবং চাঁপাইনবাবগঞ্জের কানসাটে ছাত্রলীগের কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে হরতালকারীরা। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতাল শুরুর আগে শনিবার রাতে এবং হরতালের প্রথম দিনে গতকাল রোববার এসব ঘটনা ঘটে। দিনাজপুর অফিস, নিজস্ব প্রতিবেদক, রংপুর এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর প্রতিনিধির পাঠানো খবর।
দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বাঁশেরহাট বাজারে প্রভাত চন্দ্র রায় (২৮) নামের যুবলীগ কর্মীর ডান হাতের কবজির রগ কেটে দেন শিবিরের কর্মীরা। অন্যদিকে হরতালবিরোধীরা পার্বতীপুর উপজেলার আমবাড়ী বাজারে ওবায়দুর রহমান (৫২) নামের বিএনপি এক কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে। তিনি মোস্তফাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে। দুজনকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবলীগের কর্মী প্রভাত রায় জানান, তিনি স্থানীয় বাজারে পানের দোকান করেন। বাজারের পূর্ব দিকে নান্দন পাড়ায় তাঁর বাড়ি। বেলা একটার দিকে কয়েকজন প্রতিবেশীসহ বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় শিবিরের পাঁচ-ছয়জন কর্মী হকিস্টিক হাতে অতর্কিতে হামলা করেন। এলোপাতাড়ি পেটানোর একপর্যায়ে তাঁর ডান হাতের কবজির ওপরে রগ কেটে ফেলে।
রংপুর শহরের বাহারকাছনার মাস্টারপাড়া এলাকায় শনিবার রাত ১২টার দিকে শফিকুল মিয়া নামের এক অটোরিকশাচালকের হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে তারা অটোরিকশাটি জ্বালিয়ে দেয়। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাড়ি কাউনিয়া উপজেলার হারাগাছ সারাই ইউনিয়নের মিয়াপাড়ায়। তাঁর পাঁচ সন্তান। এর মধ্যে একটি মেয়ের আগামী ৪ নভেম্বর জেএসসি পরীক্ষা। এই অটোরিকশা চালিয়ে সন্তানদের পড়াশোনার ব্যয়ভার বহন করতেন তিনি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডের চিকিৎসক তাপস কুমার রায় বলেন, শফিকুলের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর সুস্থ হয়ে উঠতে সময় লাগবে।
নাটোরে হরতালের সমর্থকেরা সদর উপজেলার দত্তপাড়ায় মাসুদ রানা (৩২) নামে যুবলীগের এক কর্মীর হাতের রগ কেটে দিয়েছে। এর আগে তারা একটি অ্যাম্বুলেন্সসহ ১২টি ট্রাক ভাঙচুর ও পাঁচ ট্রাকশ্রমিককে পিটিয়ে আহত করে। নাটোর সদর থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন যুবলীগের কর্মী মাসুদ রানা সকাল ১০টায় দত্তপাড়া বাজারে এলে হরতালের সমর্থকেরা চায়নিজ কুড়াল দিয়ে তাঁর ডান হাতের রগ কেটে দেয়। এ সময় তার মাথায়ও কোপানো হয়। মাসুদ রানা হরিশপুর ইউনিয়নের ফতেঙ্গাপাড়া মোতালেব হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে হাসান আলী নামে ছাত্রলীগের কর্মীর পায়ের রগ কেটেছে হরতালকারীরা। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে হরতালকারীরা শিবগঞ্জ উপজেলার ব্র্যাক কার্যালয়ে হামলা চালিয়ে ৮-১০টি জানালার কাচ ভাঙচুর করে।