চার জেলায় ছাত্রসহ ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া, ফরিদপুর, ভোলা ও চাঁদপুরের হাজীগঞ্জে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: উল্লাপাড়া (সিরাজগঞ্জ): বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারের পাশে গতকাল রোববার সকাল ছয়টার দিকে যাত্রীবাহী একটি ভ্যানের সঙ্গে একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানযাত্রী উপজেলার চকচৌবিলা গ্রামের জয়দেব হলদার (৪০) এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হয়। নিহত অন্যরা হলেন উল্লাপাড়া উপজেলার বড়হর গ্রামের রঞ্জিত হলদার (৫৫) ও হাফিজুল ইসলাম (২৮)। জয়দেবের বাড়ি উপজেলার চকচৌবিলা গ্রামে। এ ঘটনায় আরও একজন ভ্যানযাত্রী আহত হয়েছেন। তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল আজিজ জানান, ভ্যানযাত্রীরা সিরাজগঞ্জ রোড থেকে মাছ নিয়ে উল্লাপাড়া যাচ্ছিলেন। ট্রাকটি নগরবাড়ী থেকে বগুড়া যাচ্ছিল। ফরিদপুর: ফরিদপুর শহরের সমরিতা হাসপাতালের নিলটুলী এলাকায় গতকাল রোববার বেলা সোয়া একটার দিকে অটোরিকশার ধাক্কায় সলেমান মাতুব্বর (৭০) নামের এক ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে যান। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাথরচর গ্রামে।হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারের হলুদপট্টির কাছে গতকাল রোববার দুপুর ১২টার দিকে বাসচাপায় মাহমুদা বেগম (৪০) নামের এক বিধবা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাঁর বাড়ি হাজীগঞ্জ পৌরসভার শ্রী নারায়ণপুর গ্রামে। ভোলা: ভোলার চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ বাজারে গত শনিবার বেলা ১১টার দিকে বাসের চাপায় জিহাদ (৬) নামের এক ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। কাশেমগঞ্জ নূরানী মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র জিহাদ মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে একটি বাস তাকে চাপা দেয়। জিহাদ কাশেমঞ্জের কাঠমিস্ত্রি হাসেম মিয়ার ছেলে।