চার জেলায় ছয় বাড়িতে ডাকাতি, আহত ১৩
সিলেটের বিশ্বনাথ, পাবনার সুজানগর, চট্টগ্রামের মিরসরাই ও ফেনী সদরে রোববার রাতে ছয় বাড়িতে ডাকাতি হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপে একটি ট্রলারে গতকাল সোমবার ডাকাতি হয়েছে। এসব স্থানে ডাকাতদের হামলায় স্কুলশিক্ষকসহ ১৩ জন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বিশ্বনাথ (সিলেট): উপজেলার জগদীশপুর গ্রামের প্রবাসী শামছুদ্দিন শামসের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় শামছুদ্দিন শামসের ভাই আব্দুস ছত্তার (৬০), ভাতিজা স্কুলশিক্ষক নাজমুল ইসলাম (২৯), কলেজছাত্র ফখরুল ইসলাম (১৯) ও রাসেদুল ইসলাম (১২) আহত হয়েছে। তাদের চিত্কার শুনে এলাকাবাসী এসে রিপন নামের এক ডাকাতকে পুলিশে সোপর্দ করেছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পাবনা: সুজানগর উপজেলার খলিলপুর গ্রামের আজিজ শেখ, সুলতান গেট এলাকার নারায়ণ শাহ এবং উলাট গ্রামের আব্দুল্লাহর বাড়িতে একদল লোক র্যাব পরিচয় দিয়ে ঢুকে ডাকাতি করেছে। ডাকাতেরা এসব বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। মিরসরাই (চট্টগ্রাম): উপজেলার দক্ষিণ মায়ানীঘোনা এলাকার আহমদ উল্যাহ মুন্সিবাড়ির দিদারুল আলমের ঘরে ডাকাতি হয়েছে। ডাকাতেরা এখান থেকে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে গেছে বলে গৃহকর্তা দাবি করেছেন। ফেনী: সদর উপজেলার ফাজিলপুর গ্রামের আমিন উল্লা মিয়ার নতুন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় গৃহকর্তা আমিন উল্লা (৬৫), তাঁর স্ত্রী ভানু বেগম (৬০) ও ছেলে করিম উল্লা আহত হয়েছে। ডাকাতেরা এই বাড়ি থেকে প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। হাতিয়া (নোয়াখালী): গতকাল সোমবার ভোরে সন্দ্বীপের প্রায় ১৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে (সন্দ্বীপ চ্যানেল) এমভি মিরু নামের একটি মালবাহী ট্রলারে ডাকাতি হয়েছে। চট্টগ্রামের চাক্তাই থেকে ট্রলারটি হাতিয়া যাচ্ছিল। ট্রলারটিতে হাতিয়ার ব্যবসায়ীদের প্রায় ৬০ লাখ টাকার মালামাল ছিল। ডাকাতদের হামলায় সারেং মহিউদ্দিন (৫২), মিস্ত্রি আবদুল হক (৫০), মহিউদ্দিন (৪৫), সাহেদ (৪০), সাখাওয়াত (৪০) ও মহিউদ্দিন (২৫) আহত হন।